
নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ার সাম্প্রতিক,উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বাহরাইন গ্রাঁ প্রি এবং সৌদি আরব গ্রাঁ প্রি বাতিল করা হয়েছে। শনিবার ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ এবং ফেডারেশন ইন্টারন্যাশনাল দে ল’অটোমোবাইল (এফআইএ) যৌথভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির বিস্তারিত পর্যালোচনা ও আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিল মাসে বিকল্প কোনও রেসও সূচিতে রাখা হবে না। এর ফলে ফর্মুলা টু, ফর্মুলা থ্রি এবং এফ-ওয়ান অ্যাকাডেমির নির্ধারিত রাউন্ডগুলিও নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে না।
ফর্মুলা ওয়ানের প্রধান স্টেফানো ডোমেনিকালি জানিয়েছেন, সিদ্ধান্তটি সহজ ছিল না, তবে বর্তমান পরিস্থিতিতে এটি প্রয়োজনীয় পদক্ষেপ। তিনি জানান, আয়োজক ও অংশীদারদের সহযোগিতার জন্য ফর্মুলা ওয়ান কৃতজ্ঞ এবং পরিস্থিতি স্বাভাবিক হলেই আবার এই দেশগুলিতে রেস আয়োজন করা হবে।
এফআইএ সভাপতি মহম্মদ বেন সুলায়েম বলেন, সংগঠনের কাছে সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা ও কল্যাণ সর্বাগ্রে গুরুত্বপূর্ণ। পরিস্থিতি অনুকূল হলেই বাহরাইন ও সৌদি আরবে আবার রেস আয়োজনের চেষ্টা করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য