
দিনহাটা, ১৬ মার্চ (হি.স.): ভোট ঘোষণার পরেই অশান্ত কোচবিহারের দিনহাটা। রবিবার রাতে তৃণমূলের যুবনেতাকে ছুরি দিয়ে আঘাতের অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে। দিনহাটার ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের ২৭৭ নম্বর বুথের যুব তৃণমূল সভাপতি সায়ন চক্রবর্তীকে ছুরি দিয়ে কোমরে আঘাতের অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে। আহত অবস্থায় দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবনেতা। যদিও, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
রবিবারই পচিমবঙ্গে ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে ২ দফায় ভোট হবে এবার। ২৩ এপ্রিল প্রথম দফা এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে পশ্চিমবঙ্গে। প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট হতে চলেছে। আর ৪ মে হবে ভোটগণনা। আর ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই অশান্ত কোচবিহার। দিনহাটায় তৃণমূল যুব নেতাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ২৭৭ নম্বর বুথের যুব তৃণমূল সভাপতি সায়ন চক্রবর্তীকে ছুরি দিয়ে আঘাতের অভিযোগ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ