
কটক, ১৬ মার্চ (হি.স.): ওড়িশার কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড। আগুনে মৃত্যু হয়েছে আইসিইউ-তে চিকিৎসাধীন অন্তত ১০ জন রোগীর। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ঘটনাস্থলে যান। তিনিই মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। মৃতদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ-তে সোমবার ভোর ৩টে নাগাদ আচমকা আগুন লেগে যায়। দ্রুত ওয়ার্ডে আগুন ছড়িয়ে যায়। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। হাসপাতালের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আইসিইউ থেকে রোগীদের সরানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ১০ জনকে বাঁচানো যায়নি। মুখ্যমন্ত্রী মোহন জানিয়েছেন, আইসিইউ-এর ভিতরেই সাত রোগীর মৃত্যু হয়েছিল। সেখান থেকে অন্য ওয়ার্ডে সরিয়ে নিয়ে যেতে যেতে আরও তিন জন প্রাণ হারান। তবে আগুনে ঝলসে তাঁদের মৃত্যু হয়েছে না ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে, তা এখনও স্পষ্ট নয়। ভোরেই হাসপাতালে যান মুখ্যমন্ত্রী স্বয়ং। তাঁর সঙ্গে ছিলেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিংও। পরিস্থিতি খতিয়ে দেখার পর গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ