
শ্রীভূমি (অসম) ১৬ মার্চ (হি. স.) : ভারতের নির্বাচন কমিশনের নির্দেশিকা এবং আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পরিপ্রেক্ষিতে, ২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে শ্রীভূমি জেলা প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে এক আদেশ জারি করে সমগ্র জেলায় অবিলম্বে কার্যকরযোগ্য বেশ কিছু বিধিনিষেধ জারি করেছেন।
এই বিধিনিষেধ অনুসারে, অনুমতি ছাড়া পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রিত হওয়া নিষিদ্ধ। অনুমতি ছাড়া কোনও সরকারি বা বেসরকারি প্রাঙ্গণ, শিক্ষাপ্রতিষ্ঠান বা গেস্ট হাউসে নির্বাচনী প্রচার চালানো যাবে না। যে কোনও ধরনের অস্ত্র, বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু বহন এবং জনসমক্ষে বা ব্যক্তিগত স্থানে বাজি ফাটানো সম্পূর্ণ নিষিদ্ধ। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনও জনসভা-সমাবেশ, ধরনা বা মিছিল করা যাবে না। লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রেও আগাম অনুমতি বাধ্যতামূলক।
পাশাপাশি, কোনও জাতি, ধর্ম বা সম্প্রদায়কে আঘাত করে এমন কোন উস্কানিমূলক ভাষণ, স্লোগান, ব্যানার বা দেওয়াল লিখন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই আদেশে ভোটারদের প্রভাবিত করার জন্য মদ, নেশাজাতীয় দ্রব্য বা নগদ টাকা বিতরণ করা দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে বলে সতর্ক করা হয়েছে।
এছাড়া মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলাশাসকের কার্যালয়ের ১০০ মিটারের মধ্যে কোনও যানবাহন রাখা যাবে না। তবে এই আদেশ কর্তব্যরত রাজ্যের সরকারি ও কেন্দ্রীয় সরকারের কর্মচারী, পুলিশ, আধাসামরিক বাহিনী এবং অ্যাম্বুলেন্স বা অগ্নিনির্বাপক পরিষেবার মতো জরুরি পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, এই আদেশ লঙ্ঘিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনও ব্যক্তি বা সংস্থার এ বিষয়ে আপত্তি থাকলে তাঁরা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে তা জানাতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস