
শ্রীভূমি (অসম) ১৭ মার্চ (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচন শ্রীভূমি জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভারতের নির্বাচন কমিশন থেকে নিয়োগ করা দুইজন ব্যয় পর্যবেক্ষক বা এক্সপেনডিচার অবজার্ভার মঙ্গলবার শ্রীভূমিতে এসে পৌঁছেছেন। এতে ১২৩ নম্বর উত্তর করিমগঞ্জ ও ১২৪ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা নির্বাচন কেন্দ্রের ব্যয় পর্যবেক্ষক হচ্ছেন রাহুল পানজাবরাও গাওয়ানডে, আইআরএস(সি অ্যান্ড সিই)। পাশাপাশি, ১২৫ নম্বর পাথারকান্দি বিধানসভা ও ১২৬ নম্বর রামকৃষ্ণ নগর বিধানসভা নির্বাচন কেন্দ্রের ব্যয় পর্যবেক্ষক হলেন গোয়ারসে প্রসাদ দত্তাত্রেয়, আইআরএস(সি অ্যান্ড সিই)। এই দুইজন ব্যয় পর্যবেক্ষক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ রাজনৈতিক দলের প্রার্থীদের সব ধরণের ব্যয় সংক্রান্ত বিষয়গুলি নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে শ্রীভূমি জেলার চারটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন সংক্রান্ত যাবতীয় খুটিনাটি পর্যবেক্ষণ করতে বুধবার দুইজন সাধারণ পর্যবেক্ষক বা জেনারেল অবজার্ভার শ্রীভূমিতে আসছেন। এতে ১২৩ নম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভা ও ১২৪ নম্বর দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা নির্বাচন কেন্দ্রের জেনারেল অবজার্ভার হচ্ছেন শ্রীমতী কিরণ পাশী, আইএএস এবং ১২৫ নম্বর পাথারকান্দি বিধানসভা ও ১২৬ নম্বর রামকৃষ্ণ নগর বিধানসভা নির্বাচন কেন্দ্রের জেনারেল অবজার্ভার হলেন ভি আর বিনোদ, আইএএস।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস