
অ্যানফিল্ড, ১৯ মার্চ (হি.স.): ম্যাচ জুড়ে আধিপত্য দেখিয়ে গালাতাসারাইকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল আর্না স্লটের দল লিভারপুল। অ্যানফিল্ডে বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ৪-০ গোলে জিতল। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে জয় পেয়ে শেষ আটে পৌঁছে গেল ইংলিশ চ্যাম্পিয়নরা। চলতি আসরে গালাতাসারাইয়ের বিপক্ষে তিনবারের দেখায় এই প্রথম জিততে পারল লিভারপুল।
প্রথমার্ধের ২৫ মিনিটে দমিনিক সোবোসলাই স্বাগতিকদের এগিয়ে দেওয়ার পর, দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের মধ্যে জালের দেখা পান উগো একিটিকে, রায়ান গ্রাভেনবার্চ ও মোহামেদ সালাহ। এ দিনের গোলের পর সালাহ চ্যাম্পিয়নস লিগে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। ম্যাচে ৬১ শতাংশ বল পজেশনে রেখে গোলের জন্য ৩২টি শট নিয়ে ১৬টি লক্ষ্যে রাখতে পারে লিভারপুল। আর গালাতাসারাইয়ের চার শটের কেবল একটি মাত্র শট লক্ষ্যে রাখতে পেরেছিল। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে শিরোপাধারী পিএসজির বিপক্ষে খেলবে লিভারপুল।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি