
আহমেদাবাদ, ১৯ মার্চ (হি.স.) : গুজরাটের আহমেদাবাদ-এ নকল ভারতীয় মুদ্রা চক্রের পর্দাফাঁস করল ক্রাইম ব্রাঞ্চ। অভিযানে মোট ২.৯০ কোটি টাকার নকল নোট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সুরাটের এক মহিলা-সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া নোটের মধ্যে ২.১০ কোটি টাকা আহমেদাবাদ থেকে এবং ৮০ লক্ষ টাকা সুরাট থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। বিপুল পরিমাণ নোট গণনায় প্রায় ৬ ঘণ্টা সময় লাগে।
এদিন ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি অজিত রাজিয়ান জানিয়েছেন, অভিযুক্তরা চিন থেকে উচ্চমানের কাগজ এনে নকল নোট তৈরি করত। মূলত জমির লেনদেনে এই নোট খরচ করা হত এবং এজন্য আঙ্গাড়িয়া নেটওয়ার্কও ব্যবহার করা হত বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে আমরাইওয়াড়ি এলাকায় একটি সন্দেহভাজন বিলাসবহুল গাড়ি আটক করে পুলিশ। গাড়িটিতে “সত্যম যোগ ফাউন্ডেশন” লেখা ছিল এবং সরকারি পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা চলছিল। তল্লাশিতে সেখান থেকেই বিপুল পরিমাণ নকল নোট উদ্ধার হয়। তদন্তে এই চক্রের যোগ সুরাট পর্যন্ত পৌঁছয়। পরে সুরাটে অভিযান চালিয়ে উচ্চ প্রযুক্তির প্রিন্টিং মেশিন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি আরও ৮০ লক্ষ টাকার নকল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় “সত্যম যোগ ফাউন্ডেশন”-এর সঙ্গে যুক্ত প্রদীপ গুরুজিকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা চক্রের সঙ্গে আরও বড় নেটওয়ার্ক জড়িয়ে থাকতে পারে। সেই দিকটি খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য