
ওয়াশিংটন, ১৯ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সংঘাতের আবহে ইরানকে কড়া বার্তা দিল যুক্তরাষ্ট্র। কাতারের গুরুত্বপূর্ণ গ্যাস অবকাঠামোয় ইরানের হামলা অব্যাহত থাকলে বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র ‘সাউথ পার্স’ সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তার ওপর বড় আঘাত। ওই টার্মিনাল থেকে বিশ্বে প্রায় ২০ শতাংশ এলএনজি সরবরাহ করা হয়। হামলার জেরে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় কাতার।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, “ইরান যদি এই ধরনের হামলা চালিয়ে যায়, তবে সাউথ পার্স গ্যাস ক্ষেত্রকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে।” উল্লেখ্য, পারস্য উপসাগরে অবস্থিত এই গ্যাস ক্ষেত্রটি ইরান ও কাতারের যৌথ সম্পদ, যা বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ভান্ডার হিসেবে পরিচিত এবং ইরানের অর্থনীতির মূল ভিত্তি।এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, কাতারের উপর হামলার ঘটনায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দামে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ৭ শতাংশের বেশি বেড়ে গেছে।কাতার সরকার এই হামলাকে তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছে। পাশাপাশি ইরানের কূটনৈতিক প্রতিনিধিদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।অন্যদিকে, ইরান সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরবের গ্যাস ও তেল স্থাপনাতেও হামলার হুঁশিয়ারি দিয়েছে বলে খবর। এর জেরে গোটা উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে শুধু পশ্চিম এশিয়া নয়, বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।