
নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.) : ‘সরকে চুনারিয়া’ গানকে ঘিরে অশ্লীলতা ও আপত্তিকর বিষয়বস্তুর অভিযোগে পদক্ষেপ নিল জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ)। এই ঘটনায় অভিনেত্রী নোরা ফতেহি, অভিনেতা সঞ্জয় দত্ত-সহ মোট পাঁচজনকে সমন পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার কমিশন সূত্রে জানা গিয়েছে, গণমাধ্যমের প্রতিবেদনগুলোর ভিত্তিতে বিষয়টি স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগ, গানটির কিছু অংশ যৌন ইঙ্গিতপূর্ণ, আপত্তিকর এবং বিভিন্ন আইনি বিধির লঙ্ঘন হতে পারে। এই প্রেক্ষিতে অভিনেত্রী নোরা ফতেহি ও অভিনেতা সঞ্জয় দত্ত ছাড়াও গীতিকার রকিব আলম, প্রযোজক ভেঙ্কট কে নারায়ণ এবং পরিচালক কিরণ কুমারকে ২৪ মার্চ দুপুর ১২টা ৩০ মিনিটে কমিশনের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে হাজির না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।
এদিকে, বুধবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, সংশ্লিষ্ট ‘সরকে চুনারিয়া’ গানটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। লোকসভায় তিনি বলেন, বাকস্বাধীনতা থাকলেও তা যুক্তিসঙ্গত সীমার মধ্যে থাকতে হবে এবং সমাজ-সংস্কৃতির পরিপ্রেক্ষিতকে মান্য করেই তা প্রয়োগ করা উচিত।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য