পাকিস্তানকে ঘিরে বিশ্বে সতর্কতা, ইতিহাসের প্রসঙ্গ টানল ভারত
নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.) : পাকিস্তানকে ঘিরে ফের আন্তর্জাতিক স্তরে উদ্বেগ বাড়ল। মার্কিন গোয়েন্দা প্রধানের রিপোর্টে পাকিস্তানকে সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত করার পর কড়া প্রতিক্রিয়া জানাল ভারত। নয়াদিল্লির সাফ বক্তব্য, পাকিস্তানের অতীতই প্রমাণ করে
পাকিস্তানকে ঘিরে বিশ্বে সতর্কতা, ইতিহাসের প্রসঙ্গ টানল ভারত


নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.) : পাকিস্তানকে ঘিরে ফের আন্তর্জাতিক স্তরে উদ্বেগ বাড়ল। মার্কিন গোয়েন্দা প্রধানের রিপোর্টে পাকিস্তানকে সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত করার পর কড়া প্রতিক্রিয়া জানাল ভারত। নয়াদিল্লির সাফ বক্তব্য, পাকিস্তানের অতীতই প্রমাণ করে তারা বিশ্ব নিরাপত্তার জন্য বিপজ্জনক।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে বলেন, পাকিস্তানের গোপন পরমাণু প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে। অতীতে একাধিকবার তারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থেকেছে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করেছে।

এই মন্তব্যের পেছনে রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়ন। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা (ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) -এর প্রধান তুলসী গ্যাবার্ড সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটির সামনে বক্তব্য রাখতে গিয়ে জানান, পাকিস্তানসহ একাধিক দেশ উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং পরমাণু সক্ষমতা বাড়ানোর কাজে যুক্ত। এই দেশগুলির কার্যকলাপ ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের বিভিন্ন অংশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

মার্কিন রিপোর্টে রাশিয়া, চিন , উত্তর কোরিয়া ও ইরানের পাশাপাশি পাকিস্তানের নামও উল্লেখ করা হয়েছে। এই দেশগুলি আধুনিক ও উন্নত মিসাইল ডেলিভারি সিস্টেম তৈরিতে কাজ করছে বলে জানানো হয়েছে।

ভারতের মতে, এই মূল্যায়ন নতুন কিছু নয়, বরং পাকিস্তানের অতীত কর্মকাণ্ডই এ ধরনের আশঙ্কাকে বারবার সত্য প্রমাণ করেছে। আন্তর্জাতিক মহলে বহুদিন ধরেই পাকিস্তানের পরমাণু প্রযুক্তি ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির নিরিখে এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতের অবস্থান স্পষ্ট—সন্ত্রাসবাদ ও পরমাণু প্রসারের মতো ইস্যুতে পাকিস্তানের ভূমিকা বিশ্ববাসীর কাছে নতুন করে ভাবনার বিষয় হয়ে উঠছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande