তিন দিনের তেজিভাবে ইতি, ধসে গেল শেয়ার বাজার : বিনিয়োগকারীদের পকেটে ১১.৬২ লক্ষ কোটির টান
মুম্বই, ১৯ মার্চ ( হি. স.) : ঘরোয়া শেয়ার বাজারে টানা তিন দিন ধরে চলা ঊর্ধ্বগতিতে বৃহস্পতিবার বড়সড় ধস। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, দুর্বল বিশ্ববাজারের সংকেত এবং বিদেশি বিনিয়োগকারীদের লাগাতার শেয়ার বিক্রির জেরে আজ ধসে পড়ল দালাল স্ট
শেয়ার বাজার


মুম্বই, ১৯ মার্চ ( হি. স.) : ঘরোয়া শেয়ার বাজারে টানা তিন দিন ধরে চলা ঊর্ধ্বগতিতে বৃহস্পতিবার বড়সড় ধস। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, দুর্বল বিশ্ববাজারের সংকেত এবং বিদেশি বিনিয়োগকারীদের লাগাতার শেয়ার বিক্রির জেরে আজ ধসে পড়ল দালাল স্ট্রিট। লেনদেন চলাকালীন বিএসই সেনসেক্স ২৭৫০ পয়েন্টের বেশি পড়ে যায়। একইভাবে নিফটিও প্রায় ৮৫০ পয়েন্টের পতন প্রত্যক্ষ করে। যদিও দিনের শেষে ইন্ট্রা-ডে সেটেলমেন্টের কারণে সামান্য কেনাকাটা হওয়ায় সূচক দুটি সামান্য ঘুরে দাঁড়ায়। দিন শেষে সেনসেক্স ও নিফটি ৩.২৬ শতাংশ পতনে বন্ধ হয়েছে। নিফটির এই পতন গত ২১ মাসের মধ্যে সবথেকে বড় পতন হিসেবে নথিবদ্ধ হয়েছে, যার আগে ২০২৪ সালের জুন মাসে এমন পরিস্থিতি দেখা গিয়েছিল।

এদিন বাজারের শুরুই হয়েছিল ব্যাপক দুর্বলতার সঙ্গে। খোলার পর ক্রেতারা কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করলেও অল্প সময়ের মধ্যেই বিক্রির প্রবল চাপ তৈরি হয়। সেনসেক্স ৩.৪২ শতাংশ এবং নিফটি ৩.৩৯ শতাংশ পর্যন্ত পড়ে গিয়েছিল। অটোমোবাইল, ব্যাঙ্কিং, আইটি এবং মেটাল সেক্টরের শেয়ারে এদিন সবথেকে বেশি পতন দেখা গেছে। অটোমোবাইল ইনডেক্স ৪.২৫ শতাংশ এবং ব্যাঙ্কিং ইনডেক্স ৩.৩৯ শতাংশ পড়েছে। এছাড়া মিডক্যাপ ও স্মলক্যাপ ইনডেক্সেও যথাক্রমে ৩.১৯ শতাংশ ও ২.৪৯ শতাংশ পতন লক্ষ্য করা গেছে।

শেয়ার বাজারের এই টালমাটাল অবস্থায় বিনিয়োগকারীদের বিপুল ক্ষতি হয়েছে। একদিনেই লগ্নিকারীদের প্রায় ১১.৬২ লক্ষ কোটি টাকা মুছে গেছে। বিএসই-তে তালিকাভুক্ত সংস্থাগুলির বাজার মূলধন বুধবারের ৪৩৯ লক্ষ কোটি টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৪২৭.৩৮ লক্ষ কোটি টাকায়। আজকের লেনদেনে বিএসই-তে ৪৪০৪টি শেয়ারের মধ্যে ৩১৭৪টি শেয়ারই পতনের মুখ দেখেছে। সেনসেক্সের ৩০টি শেয়ারের সবকটিই ছিল লাল সঙ্কেতে। নিফটির ৫০টি শেয়ারের মধ্যে মাত্র একটি শেয়ার (ওএনজিসি) লাভের মুখ দেখেছে, বাকি ৪৯টি শেয়ারই লোকসানে বন্ধ হয়েছে।

বাজারের পরিসংখ্যান অনুযায়ী, সেনসেক্স এদিন ১৯৫৩.২১ পয়েন্ট নিচে ৭৪,৭৫০.৯২ স্তরে খোলে। বেলা বাড়ার সাথে সাথে পতন তীব্র হয়ে সূচকটি ৭৩,৯৫০.৯৫ পয়েন্ট পর্যন্ত নেমে যায়। শেষ পর্যন্ত ২৫৩.২৯ পয়েন্ট রিকভার করে ৭৪,২০৭.২৪ পয়েন্টে স্থির হয় সেনসেক্স। অন্যদিকে, নিফটি ৫৮০.০৫ পয়েন্ট পড়ে ২৩,১৯৭.৭৫ স্তরে লেনদেন শুরু করেছিল। এক সময় তা ২২,৯৩০.৩৫ স্তরে নেমে গেলেও দিনের শেষে ২৩,০০২.১৫ পয়েন্টে বন্ধ হয়। সবচেয়ে বেশি লোকসানে থাকা শেয়ারের তালিকায় ছিল শ্রীরাম ফিন্যান্স, বাজাজ ফিন্যান্স এবং এইচডিএফসি ব্যাঙ্ক।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande