ভারতীয় জ্ঞানব্যবস্থা ও গবেষণায় নতুন দিগন্ত : আইআইটি ভুবনেশ্বর ও বিআরসি-র মধ্যে চুক্তি স্বাক্ষর
ভুবনেশ্বর, ২০ মার্চ (হি. স.): ভারতীয় জ্ঞানব্যবস্থা এবং আন্তঃবিভাগীয় গবেষণার ক্ষেত্রে এক নতুন অধ্যায় রচনার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) ভুবনেশ্বর এবং ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার (বিআরসি)। শুক্রবার দু
চুক্তি পত্র সবাক্ষর অনুষ্ঠানে মতবিনিময়


ভুবনেশ্বর, ২০ মার্চ (হি. স.): ভারতীয় জ্ঞানব্যবস্থা এবং আন্তঃবিভাগীয় গবেষণার ক্ষেত্রে এক নতুন অধ্যায় রচনার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) ভুবনেশ্বর এবং ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার (বিআরসি)। শুক্রবার দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই আনুষ্ঠানিক চুক্তিতে স্বাক্ষর করেন। আইআইটি ভুবনেশ্বরের ডিন (স্পনসর্ড রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্সি) দিনকর পাসলা এবং বিআরসি-র ডিন (অ্যাকাডেমিক) তথা ট্রাস্টি সুমন্ত রুদ্র নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেছেন। অনাড়ম্বর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার রথ, নরেশ চন্দ্র সাহু এবং প্রদীপ কুমার সাহু।

উল্লেখ্য, এই চুক্তির মূল লক্ষ্য হলো ভারতীয় দর্শন, ডিজিটাল হিউম্যানিটিজ এবং প্রাচীন পাণ্ডুলিপি গবেষণায় যৌথ উদ্যোগ বৃদ্ধি করা। এই প্রকল্পের আওতায় বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন, কর্মশালা, সেমিনার ও বিশেষ বক্তৃতামালার পাশাপাশি যৌথ গবেষণা ও গবেষণাপত্র প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষত, প্রাচীন পাণ্ডুলিপির ডিজিটাইজেশন , টেক্সট বিশ্লেষণ এবং একটি উন্নত ডিজিটাল রিপোজিটরি তৈরির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই প্রসঙ্গে অধ্যাপক দিনকর পাসলা বলেন, এই পারস্পরিক সহযোগিতা আন্তর্জাতিক স্তরে ভারতীয় জ্ঞানপ্রথা সংক্রান্ত আলোচনাকে আরও সমৃদ্ধ করবে। অন্যদিকে, শ্রী সুমন্ত রুদ্র জানান, প্রাচীন ঐতিহ্যবাহী জ্ঞান এবং আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে এই উদ্যোগ আগামী দিনের গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande