বেবি লিগ ক্রিকেটে কচিকাঁচাদের ব্যাটে-বলে জমজমাট লড়াই, নজর কাড়লেন আদিত্য ও সৌভিক
কলকাতা, ২০ মার্চ (হি. স.): ন্যাশনাল ক্রিকেট ক্লাবের উদ্যোগে ও মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমির যৌথ সহযোগিতায় আয়োজিত বেবি লিগ ক্রিকেটের তৃতীয় দিনেও মাঠজুড়ে চলল টানটান উত্তেজনা। শুক্রবার শহরের বিবেকানন্দ পার্ক ও রাজস্থান মাঠে মোট সাতটি ম্যাচ অনু
এনসিসি পরিচালিত বেবি লিগের তৃতীয় দিনৈওো


কলকাতা, ২০ মার্চ (হি. স.): ন্যাশনাল ক্রিকেট ক্লাবের উদ্যোগে ও মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমির যৌথ সহযোগিতায় আয়োজিত বেবি লিগ ক্রিকেটের তৃতীয় দিনেও মাঠজুড়ে চলল টানটান উত্তেজনা। শুক্রবার শহরের বিবেকানন্দ পার্ক ও রাজস্থান মাঠে মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে খুদে ক্রিকেটারদের একাধিক নজরকাড়া পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে। দিনের সেরা আকর্ষণ হয়ে ওঠেন আদিত্য শর্মা ও সৌভিক ঘোষ।

এদিন অশোক মালহোত্রা ক্রিকেট অ্যাকাডেমির হয়ে আদিত্য শর্মা দুরন্ত ৭০ রানের একটি ইনিংস খেলেন। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে দল ৩ উইকেটে ১৭৪ রান তোলে। জবাবে ইস্টবেঙ্গল ক্লাব ৪ উইকেটে মাত্র ৭৭ রানেই থমকে যায়। ৯৭ রানের বিশাল জয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন আদিত্য।

​অন্যদিকে, পল্লিশ্রীর হয়ে সৌভিক ঘোষ ৬৫ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন। তাঁর দলের রান তাড়া করতে নেমে বুলান সিএফএ মাত্র ৫৪/৬ রানে আটকে যায়। ৭৯ রানের বড় ব্যবধানে জয় পায় পল্লিশ্রী এবং ম্যাচের সেরা হন সৌভিক।

দিনের অন্য একটি ম্যাচে বিক্রম ক্রিকেট অ্যাকাডেমি দাপট দেখায়। অরিত করের ৪৩ রানের ওপর ভর করে তারা দয়াল দাশগুপ্ত এমসিএকে ৯ উইকেটে পরাজিত করে। অন্য খেলায় সায়ন রায়ের ৩ উইকেটের সৌজন্যে দেবেশ চক্রবর্তী ক্রিকেট অ্যাকাডেমি ৯৯ রানে জয়ী হয় মেনল্যান্ড সম্বরণ (হোয়াইট)-এর বিরুদ্ধে।

​এছাড়া স্পন্দন দে, সুদীপ্ত বক্সি ও রাজর্ষির ব্যক্তিগত পারফরম্যান্সও এদিন বিশেষভাবে নজর কেড়েছে। টুর্নামেন্টের শুরু থেকেই এই কচিকাঁচাদের লড়াইয়ে যে প্রতিভার ঝলক দেখা যাচ্ছে, তা বাংলার ক্রিকেটের ভবিষ্যতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande