
ইস্তাম্বুল, ২০ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের আবহে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, নেতানিয়াহুর নীতি আঞ্চলিক ও বিশ্বশান্তি—উভয়ের জন্যই বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তুরস্কের সরকারি সংবাদ সংস্থার প্রতিবেদনে জানা গিয়েছে, ঈদ-উল-ফিতর উপলক্ষে দেওয়া বার্তায় এরদোয়ান ঐক্য ও সংহতির আহ্বান জানানোর পাশাপাশি পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং ইজরায়েলের পদক্ষেপে গোটা অঞ্চলে অস্থিরতা আরও বেড়েছে।
এরদোয়ান জানান, তুরস্ক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং আলোচনা ও কূটনীতির পথ পুনরায় সক্রিয় করতে সর্বশক্তি নিয়োগ করছে। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা, ধৈর্য ও দৃঢ়তার মাধ্যমে এই কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে।
অন্যদিকে, অঞ্চলের অন্যান্য সংঘর্ষ প্রসঙ্গেও তিনি উল্লেখ করেন, তুরস্কের উদ্যোগে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ঈদের সময় সাময়িক সংঘর্ষবিরতি সম্ভব হয়েছে। ভবিষ্যতে এই যুদ্ধবিরতি স্থায়ী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য