
নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনার মাঝেও শনিবার (২১ মার্চ) ওই অঞ্চলে যাতায়াতের জন্য মোট ৪২টি উড়ান পরিচালনা করবে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। টাটা গোষ্ঠীর অধীনস্থ এই দুই সংস্থা ‘এক্স’ পোস্টে জানিয়ে দিয়েছে, নির্ধারিত ও অনির্ধারিত মিলিয়ে এই উড়ানগুলি চালানো হবে।
এয়ারলাইন সূত্রে জানা গেছে, জেড্ডা ও মাস্কাট রুটে পরিষেবা চালু থাকলেও কিছু রুটে সাময়িকভাবে উড়ান স্থগিত রয়েছে। ভারত ও জেড্ডার মধ্যে মোট ১৬টি উড়ান পরিচালনা করা হবে। এর মধ্যে দিল্লি ও মুম্বই থেকে এয়ার ইন্ডিয়ার রিটার্ন ফ্লাইট এবং হায়দরাবাদ থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি উড়ান রয়েছে।
এছাড়া দিল্লি, কোচি, কোঝিকোড ও মুম্বই থেকে মাস্কাটের উদ্দেশ্যে আটটি নির্ধারিত উড়ান চালাবে এয়ার ইন্ডিয়া।
উল্লেখযোগ্য, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জেরে বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) বিমান সংস্থাগুলিকে উপসাগরীয় অঞ্চলের কিছু আকাশপথ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পাশাপাশি নিরাপত্তা মূল্যায়নের অংশ হিসেবে জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য