
তেহরান, ২১ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধের মাঝেই ইরান স্পষ্ট করে জানাল, কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ করা হয়নি। বরং কেবল হামলাকারীদের সহযোগী কিছু নির্দিষ্ট জাহাজকেই নিশানা করা হয়েছে।
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এক সাক্ষাৎকারে বলেন, প্রণালীটি খোলা রয়েছে এবং অন্যান্য জাহাজ নিরাপদে যাতায়াত করছে। জাপানের মতো সহযোগী দেশগুলির জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেও ইরান প্রস্তুত বলে তিনি জানান।
তিনি আরও বলেন, তেহরান কোনও সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং “সম্পূর্ণ, বিস্তৃত ও স্থায়ী যুদ্ধের অবসান” চায়। যে কোনও চুক্তিতে ভবিষ্যতে হামলা রোধ এবং ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের নিশ্চয়তা থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
আমেরিকা-ইসরায়েলের সামরিক পদক্ষেপকে “অবৈধ ও প্ররোচনাহীন আগ্রাসন” বলে আখ্যা দিয়ে আরাঘচি জানান, ইরানের পাল্টা ব্যবস্থা আত্মরক্ষার অধিকারেই চলছে।
তিনি আন্তর্জাতিক মহল, বিশেষত জাপানের কাছে এই সংঘাত নিয়ে স্পষ্ট অবস্থান নেওয়া এবং উত্তেজনা প্রশমনে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আমেরিকা-ইসরায়েল ও ইরানের মধ্যে চলা সংঘাতের জেরে পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে। লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রভাবে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহেও প্রভাব পড়ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য