
তেহরান/তেল আবিব, ২২ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার আবহে রবিবার সকালে ইজরায়েলের উপর একাধিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় ৩০০-রও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুদেরও থাকার খবর মিলেছে।
এর আগে শনিবার রাতেও ইরান ইজরায়েলের দিমোনা ও আরাদ শহরকে লক্ষ্য করে হামলা চালায়। দিমোনায় ইজরায়েলের গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
এদিকে, পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে কূটনৈতিক চাপানউতোরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে না দিলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ পরিকাঠামোর উপর হামলা চালাতে পারে।
এর জবাবে ইরানও পাল্টা সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, তাদের জ্বালানি পরিকাঠামোকে লক্ষ্য করে হামলা হলে গোটা পশ্চিম এশিয়ায় আমেরিকা ও ইজরায়েলের সংশ্লিষ্ট জ্বালানি কেন্দ্রগুলিতে আঘাত হানা হবে।
ক্রমাগত মিসাইল হামলা ও পাল্টা হুমকির জেরে গোটা অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে এই সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যার প্রভাব বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর পড়তে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য