
নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): নির্বাচিত সরকারের নেতৃত্বে থাকার রেকর্ড ভেঙে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে রেকর্ড ছিল সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিঙের দখলে। তিনি মোট ৮, ৯৩০ দিন ক্ষমতায় আসীন ছিলেন। নরেন্দ্র মোদী তাঁকে ছাপিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী পদ মিলিয়ে নির্বাচিত সরকারের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মোট ৮,৯৩১ দিনে পা রেখেছেন। তিনিই ছিলেন গুজরাটের সবচেয়ে বেশি দিনের মুখ্যমন্ত্রী। ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে তিনি উপর্য়ুপরি তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ২০০১ সালের ৭ অক্টোবর।
এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এক্স মাধ্যমে জানান, দেশের জন্য এটি এক গর্বের মুহূর্ত, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং-এর ৮,৯৩০ দিনের রেকর্ডকে ছাড়িয়ে দীর্ঘতম সময় ধরে সরকারের প্রধানের পদে থাকা ব্যক্তি হয়েছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে জনগণের সেবা করা থেকে শুরু করে প্রধানমন্ত্রী হিসেবে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া পর্যন্ত তাঁর এই যাত্রা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এই বছরগুলো ‘মা ভারতী’র প্রতি তাঁর গভীর অঙ্গীকার এবং জনগণের সেবায় অবিচল মনোযোগের প্রতিফলন ঘটায়। তাঁর নেতৃত্বে, ভারত এগিয়ে চলেছে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যের দিকে, যা জনকেন্দ্রিক নীতির দ্বারা চালিত এবং যা দরিদ্র, যুবক, নারী ও কৃষকদের ক্ষমতায়ন করেছে। এখন ভারত বিশ্বমঞ্চে আরও বেশি আত্মবিশ্বাসী এবং প্রভাবশালী। প্রধানমন্ত্রী মোদীজির কাজ সর্বদা দেশকে সর্বোপরি এবং তৃণমূল স্তরে প্রকৃত পরিবর্তন আনার বিষয়েই ছিল। এটি এমন এক নেতৃত্ব যা আস্থা, নিষ্ঠা এবং একটি সুস্পষ্ট উদ্দেশ্যবোধ দ্বারা গঠিত।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ