
মিয়ামি, ২২ মার্চ (হি.স.): শনিবার মিয়ামি ওপেনের উদ্বোধনী ম্যাচে জানিক সিনার দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে দামির জুমহুরকে ৬-৩, ৬-৩ গেমে বিধ্বস্ত করেছেন। গত সপ্তাহে ইন্ডিয়ান ওয়েলসে জয়ের পর সিনার বহু আকাঙ্ক্ষিত “সানশাইন ডাবল” সম্পন্ন করার পথে এগিয়ে চলেছেন।
উল্লেখ্য,ডোপিং অভিযোগের কারনে সিনার গত বছর ইন্ডিয়ান ওয়েলস বা মিয়ামিতে খেলেননি।
আগামী সপ্তাহে দক্ষিণ ফ্লোরিডায় তিনি যদি শিরোপাটি জেতেন, তাহলে তিনি ২০১৭ সালে রজার ফেদেরারের পর প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে একই বছরে দুটি ইউএস হার্ড কোর্ট টুর্নামেন্ট জেতার কৃতিত্ব অর্জন করবেন।
এদিন দ্বিতীয় বাছাই সিনার তার নিখুঁত সার্ভ এবং গ্রাউন্ডস্ট্রোক দিয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ের ৭৬ নম্বর খেলোয়াড় জুমহুরকে পুরোপুরি পরাস্ত করেন এবং ১৭টি পয়েন্টের মধ্যে ১৪টিতেই জয়লাভ করেন।
গত বছর প্যারিস মাস্টার্সে জয়ের পর থেকে মাস্টার্স ১০০০ টুর্নামেন্টে এটি ছিল সিনারের টানা দ্বাদশ জয়। ২৪ বছর বয়সী এই খেলোয়াড় এখন মাস্টার্স ১০০০ স্তরে টানা ২৪টি সেট জিতে নোভাক জোকোভিচের রেকর্ডের সমকক্ষ হয়েছেন।
সোমবার ফরাসি খেলোয়াড় কোরেন্তিন মুতের বিপক্ষে সেই রেকর্ডটি ভাঙার সুযোগ পাবেন সিনার।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি