
নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): দেশের কোনও নির্বাচিত সরকার (কেন্দ্র এবং রাজ্য সরকার)-এর প্রধান হিসাবে সবচেয়ে বেশি দিন কাজ করার রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রিত্ব এবং তার আগের গুজরাটের মুখ্যমন্ত্রিত্ব মিলিয়ে মোট ৮,৯৩১ দিন (২৪ বছর ১৭১ দিন) ধরে সরকার প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের দখলে।
প্রধানমন্ত্রী মোদী এই মাইলফলকে পৌঁছতেই আনন্দ প্রকাশ করেছেন রাজনাথ সিং ও অমিত শাহ।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সরকারের প্রধানের পদে থাকা ব্যক্তি। দেশ ও জনগণের প্রতি নিষ্ঠাই প্রধানমন্ত্রী মোদীর পরিচয়। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর অবিচল অঙ্গীকার থেকে শুরু করে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নিবেদিত নেতৃত্ব পর্যন্ত, তাঁর জীবন সেবার এক অবিচ্ছিন্ন যাত্রা। এখন তিনি সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং-এর ৮,৯৩০ দিনের রেকর্ডকে ছাড়িয়ে গিয়ে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছেন। সরকার প্রধান হিসেবে ৮,৯৩১ দিন সরকারি দায়িত্বে থাকার এই মুহূর্তটি দেশ-কেন্দ্রিক শাসন, কাজে সততা এবং প্রতিটি নাগরিকের প্রতি অক্লান্ত সেবার প্রতি তাঁর গভীর অঙ্গীকারকে প্রতিফলিত করে। এই অসাধারণ অর্জনের জন্য মোদীজিকে আন্তরিক অভিনন্দন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেছেন, সেবা, কঠোর পরিশ্রম এবং অবিচল প্রতিশ্রুতির উপর ভিত্তি করে একটি মাইলফলক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং-এর ৮,৯৩০ দিনের রেকর্ডকে ছাড়িয়ে গিয়ে ভারতের দীর্ঘতম সময় ধরে সরকার প্রধানের পদে থাকা ব্যক্তি হলেন। প্রধানমন্ত্রী মোদীজীর জনজীবনের ৮,৯৩১ দিন, প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে এবং এখন প্রধানমন্ত্রী হিসেবে, দেশ-কেন্দ্রিক শাসন, কাজে সততা এবং প্রতিটি নাগরিকের প্রতি অক্লান্ত সেবার প্রতি তাঁর গভীর নিষ্ঠার প্রতিফলন ঘটায়। অভূতপূর্ব আস্থা এবং অতুলনীয় সেবার উপর নির্মিত এক বিরল উত্তরাধিকার।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ