(রাউন্ড আপ) হরমুজ প্রণালী থেকে মিসাইল যুদ্ধ—পশ্চিম এশিয়ায় সংঘাত চরমে, পাল্টা হুমকি ও হামলায় উদ্বেগ বিশ্বজুড়ে
নয়াদিল্লি/তেহরান/তেল আবিব /বেইরুট, ২২ মার্চ (হি.স.) : হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা, ইরান-ইজরায়েলের দ্বৈরথ, মিসাইল হামলা, হিজবুল্লাহর সক্রিয় অংশগ্রহণ এবং আন্তর্জাতিক মহলের উদ্বেগ—সব মিলিয়ে পশ্চিম এশিয়ায় পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। হরমুজ
হরমুজ প্রণালী থেকে মিসাইল যুদ্ধ—পশ্চিম এশিয়ায় সংঘাত চরমে, পাল্টা হুমকি ও হামলায় উদ্বেগ বিশ্বজুড়ে


নয়াদিল্লি/তেহরান/তেল আবিব /বেইরুট, ২২ মার্চ (হি.স.) : হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা, ইরান-ইজরায়েলের দ্বৈরথ, মিসাইল হামলা, হিজবুল্লাহর সক্রিয় অংশগ্রহণ এবং আন্তর্জাতিক মহলের উদ্বেগ—সব মিলিয়ে পশ্চিম এশিয়ায় পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে।

হরমুজ প্রণালী ইস্যুতে বিশ্বনেতাদের কড়া বার্তা

হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষিতে একাধিক দেশের শীর্ষ নেতারা যৌথ বিবৃতি দিয়ে ইরানের তীব্র নিন্দা করেছেন। সংযুক্ত আরব আমিরশাহী, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, জাপান-সহ একাধিক দেশের নেতারা বাণিজ্যিক জাহাজ ও জ্বালানি পরিকাঠামোর উপর হামলা এবং প্রণালীতে বাধা সৃষ্টির ঘটনাকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে উল্লেখ করেছেন।

তাঁরা ইরানকে অবিলম্বে মাইন পাতা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

ট্রাম্পের হুঁশিয়ারি, পাল্টা জবাব ইরানের

এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলা চালানো হবে।

এর জবাবে ইরানও স্পষ্ট করে দিয়েছে, তাদের জ্বালানি পরিকাঠামোতে আঘাত এলে গোটা অঞ্চলে মার্কিন ও ইজরায়েলি স্বার্থে আঘাত হানা হবে।

ইজরায়েলে ইরানের মিসাইল হামলা, শতাধিক আহত

রবিবার সকালে ইরান ইজরায়েলের দিকে একাধিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, এতে ৩০০-রও বেশি মানুষ আহত হয়েছেন।

এর আগে ডিমোনা ও আরাদ শহরেও হামলা চালানো হয়, যেখানে ইজরায়েলের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা রয়েছে।

আইআরজিসির দাবি: ২০০-র বেশি নিহত

ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের ‘ট্রু প্রমিস-৪’ অভিযানের অংশ হিসেবে চালানো হামলায় ২০০-র বেশি মানুষ নিহত হয়েছে। যদিও এই দাবির স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি।

যুদ্ধবিমান মাটিতে আছড়ে পড়ার দাবি

আইআরজিসি আরও দাবি করেছে, তারা ইরানের আকাশসীমায় প্রবেশ করা একটি ইজরায়েলি এফ-১৬ যুদ্ধবিমান মাটিতে আছড়ে পড়েছে। যদিও ইজরায়েল জানিয়েছে, তাদের একটি বিমান ক্ষতিগ্রস্ত হলেও পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

হিজবুল্লাহর হামলা ও উত্তেজনা বৃদ্ধি

এই সংঘাতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েছে ইরান-সমর্থিত হিজবুল্লাহ। উত্তর ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত এক জনের মৃত্যু হয়েছে এবং একাধিক গাড়িতে আগুন লাগে।

এছাড়া, ইজরায়েল দাবি করেছে যে তারা দক্ষিণ লেবাননে এক বিমান হামলায় হিজবুল্লাহর ‘রাদওয়ান ফোর্স’-এর কমান্ডার আবু খলিল বারজিকে হত্যা করেছে। যদিও এই দাবির সত্যতা হিজবুল্লাহ এখনও নিশ্চিত করেনি।

লেবাননে হতাহতের সংখ্যা বাড়ছে

লেবাননের প্রশাসনের দাবি, সাম্প্রতিক ইজরায়েলি হামলায় ইতিমধ্যেই ১,০০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। সীমান্ত এলাকায় পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ।

সংঘাত বিস্তারের আশঙ্কা

ক্রমাগত মিসাইল হামলা, ড্রোন আক্রমণ ও পাল্টা হুমকির ফলে গোটা পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এই সংঘাত বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতির উপর।

এই আবহেই কাতারে সামরিক হেলিকপ্টার দুর্ঘটনা

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই উপসাগরীয় দেশ কাতার-এর সমুদ্র অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনার খবর সামনে এসেছে। রবিবার নিয়মিত দায়িত্ব পালনের সময় প্রযুক্তিগত ত্রুটির জেরে হেলিকপ্টারটি সমুদ্রে আছড়ে পড়ে।

এই ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হেলিকপ্টারটিতে মোট সাতজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পরই দ্রুত উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, উড়ানের সময় আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রযুক্তিগত ত্রুটির সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের আবহে এই দুর্ঘটনা ঘিরেও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande