
মুম্বই, ২৩ মার্চ (হি.স.): আমেরিকান ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দর গত সপ্তাহেই পৌঁছেছিল সর্বনিম্ন স্তরে। সোমবারও দেখা গেল একই প্রবণতা। এ দিন সকালে ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার বিনিময়-দর নেমেছে ৯৩.৮৪-এ। গত শুক্রবার ডলারের সাপেক্ষে প্রথমবার ৯৩-এর গণ্ডি পার করেছিল টাকা। এর জেরে তৈরি হয়েছিল নয়া রেকর্ড। গত সপ্তাহের রেকর্ড ভেঙে সোমবার ফের নতুন রেকর্ড তৈরি হয়েছে টাকার দামে। এ দিন মার্কিন ডলারের সাপেক্ষে টাকার বিনিময়-দর হয়েছে ৯৩.৮৪। গত সপ্তাহের বুধবারও ডলারের সাপেক্ষে টাকার দামে ব্যাপক পতন হয়েছিল, সেদিন এই দুই মুদ্রার বিনিময়-দর ছিল ৯২.৬৩। অর্থাৎ এক সপ্তাহের কম সময়ের মধ্যে ১ টাকার বেশি নেমেছে ভারতীয় মুদ্রা।
উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় অশান্তির জেরে আন্তর্জাতিক বাজারে অশোধিত জ্বালানি তেলের দাম লাফিয়ে বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১১০ ডলার ছাড়িয়েছে। ভারত এই ক্ষেত্রে ব্যাপক ভাবে আমদানি নির্ভর। অর্থাৎ তেলের দাম বৃদ্ধিতে ভারতের খরচ ব্যাপক হারে বেড়েছে। যা ভারতীয় মুদ্রার উপর বাড়তি চাপ তৈরি করছে বলে জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ