
মুম্বই, ২৪ মার্চ (হি.স.) : মালয়ালম সুপারস্টার মোহনলালের আসন্ন সিনেমা দৃশ্যম ৩-এর জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। প্রাথমিকভাবে, এর মুক্তির তারিখ ২ এপ্রিল ঠিক করা হয়েছিল। কিন্তু এর কিছুদিন পরেই তারিখ পরিবর্তনের খবর আসতে শুরু করে।
জানা গেছে, সুপারস্টার নিজেই এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি সিনেমাটির পোস্টার সামাজিক মাধ্যমে প্রকাশ করে নতুন মুক্তির তারিখটি ঘোষণা করেছেন। মজার ব্যাপার হলো, দৃশ্যম ৩-এর মুক্তির জন্য একটি বিশেষ দিন বেছে নেওয়া হয়েছে। সেটি জাতীয় পুরস্কার বিজয়ী এই অভিনেতার জন্মদিন। সুপারস্টার পোস্টটি সামাজিক মাধ্যমে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, অতীত কখনও নীরব থাকে না... সে শুধু অপেক্ষা করে। জর্জকুট্টি আসছে। ২১ মে, ২০২৬। দৃশ্যম ৩ বিশ্বব্যাপী মুক্তি পাবে। সিনেমাটির নতুন পোস্টারে মোহনলালকে জর্জকুট্টির ভূমিকায় বেশ শান্ত দেখাচ্ছে।
দৃশ্যম ৩-এর মুক্তির তারিখ পরিবর্তনের পেছনের কারণ এখনও প্রকাশ করা হয়নি। কিছুদিন আগে একটি সূত্রে জানা গিয়েছিল, উপসাগরীয় দেশগুলোর সাম্প্রতিক অস্থির পরিস্থিতির কারণে এই পরিবর্তন হতে পারে। উপসাগরীয় দেশগুলোতে মালয়ালম সিনেমার একটি বড় বাজার রয়েছে এবং প্রযোজকরা কোনও ঝুঁকি নিতে চাননা । এর আগে, যশ অভিনীত টক্সিক সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে চলতি বছরের জুন মাসে করা হয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন