
কলকাতা, ২৪ মার্চ (হি. স.): মঙ্গলবার ‘এনসিসি বেবি লিগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনালে উঠলো পল্লীশ্রী এবং পাটুলি ক্রিকেট অ্যাকাডেমি।প্রথম সেমিফাইনালে পল্লীশ্রীর সামনে দাঁড়াতে পারেনি বিক্রম ক্রিকেট অ্যাকাডেমি। নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটে ১১৬ রান তোলে পল্লীশ্রী। ২৬ বলে ঝোড়ো ৬৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয় শৌভিক ঘোষ। ব্যাট হাতে ঝলক দেখানোর পাশাপাশি উইকেট কিপিংয়েও অবদান রাখে শৌভিক - দুটি স্টাম্পিং ও একটি রান আউট।
শুরু থেকেই চাপে পড়ে বিক্রম ক্রিকেট অ্যাকাডেমি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১০ ওভারে ৯ উইকেটে থামে ৫৮ রানে। পল্লীশ্রীর বোলারদের মধ্যে আমন রায় ২ রান দিয়ে ২ উইকেট নিয়ে নজর কাড়ে। ৫৮ রানের বড় জয়ে ফাইনালের পথে পল্লীশ্রী।
দ্বিতীয় সেমিফাইনালে জগাছা থানাকে কার্যত উড়িয়ে দেয় পাটুলি ক্রিকেট অ্যাকাডেমি। প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৪ উইকেটে ৫৯ রান তোলে জগাছা। পাটুলির হয়ে সম্বিত সরকার ২ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট নেয়।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কোনও ঝুঁকি নেয়নি পাটুলি। মাত্র ১ উইকেট হারিয়ে এবং হাতে ৫ বল বাকি রেখেই জয় নিশ্চিত করে তারা। দলের জয়ের নায়ক অভ্রজিৎ বিশ্বাস ৩০ বলে ৪৬ রানের ইনিংসে ম্যাচের সেরা। উল্লেখ্য, চলতি টুর্নামেন্টে একটানা চার ম্যাচে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছে সে।
ফাইনাল বুধবার, মুখোমুখি হবে পল্লীশ্রী ও পাটুলি ক্রিকেট অ্যাকাডেমি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত