
নয়াদিল্লি, ২৫ মার্চ (হি. স.) : টাটা গোষ্ঠীর অধীন এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস যৌথভাবে বুধবার পশ্চিম এশিয়ায় আসা-যাওয়ার জন্য মোট ২৬টি নির্ধারিত ও অতিরিক্ত বিমান পরিচালনা করবে বলে জানানো হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, ভারত ও জেড্ডা-র মধ্যে মোট ৮টি বিমান চলবে। এর মধ্যে এয়ার ইন্ডিয়া দিল্লি ও মুম্বই থেকে একটি করে ফিরতি বিমান চালাবে, আর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কোঝিকোড় এবং ম্যাঙ্গালোর থেকে একটি করে বিমান পরিচালনা করবে।
এছাড়াও, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মাস্কাট-এর জন্য ৪টি নির্ধারিত বিমান চালাবে, যার মধ্যে দিল্লি ও মুম্বই থেকেও পরিষেবা থাকবে। একইসঙ্গে বেঙ্গালুরু ও কোঝিকোড় থেকে রিয়াধ-এর উদ্দেশে আরও ৪টি বিমান পরিচালিত হবে। এদিকে, এয়ার ইন্ডিয়া মুম্বই-রিয়াধ রুটে ২টি নির্ধারিত বিমান চালাবে। নিয়মিত পরিষেবার পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই)-এর সঙ্গে ৮টি অতিরিক্ত বিমানও পরিচালনা করা হবে, যা সংশ্লিষ্ট এয়ারপোর্টের স্লট পাওয়া ও অন্যান্য পরিস্থিতির উপর নির্ভর করবে।
উড়ান সংস্থা আরও জানিয়েছে, সমস্ত বিমানই ভারতীয় ও সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক সংস্থার অনুমতি নিয়ে পরিচালিত হচ্ছে। উত্তর আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ায় এয়ার ইন্ডিয়ার পরিষেবা স্বাভাবিক থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য