
বিধাননগর, ২৫ মার্চ (হি.স.) : বর্তমান যুগে গবেষণা, পরিকল্পনা ও উন্নয়নের ক্ষেত্রে জিওস্পেশিয়াল বা ভূ-স্থানিক প্রযুক্তির গুরুত্ব দেশজুড়ে ক্রমশ বাড়ছে। এই প্রযুক্তি সম্পর্কে শিক্ষক ও ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিধাননগর কলেজে বুধবার থেকে শুরু হলো দু’দিনের একটি আন্তর্জাতিক আলোচনাসভা।কলেজের ভূগোল বিভাগ, ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল এবং ইন্টিগ্রেটেড ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-এর যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। একবিংশ শতাব্দীতে জিওস্পেশিয়াল প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং এর বহুমুখী প্রয়োগ নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়। বিশেষত রিমোট সেন্সিং, ক্লাউড কম্পিউটিং এবং ড্রোন প্রযুক্তির মতো আধুনিক বিষয়গুলি এদিনের আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী অদিতি মুখার্জী, ডিভিসি -র অ্যাসোসিয়েট এক্সপার্ট সৌরভ কুন্ডু এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপিকা মেরি বিশ্বাস প্রমুখ। বিধাননগর কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ড. অত্রেয় পাল এই প্রসঙ্গে বলেন, “এই আলোচনাসভা ছাত্রছাত্রী ও শিক্ষকদের জিওস্পেশিয়াল প্রযুক্তি সম্পর্কে আরও সমৃদ্ধ করে তুলবে।” কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সৌরভ চক্রবর্তী জানান, “বর্তমান সময়ে এই প্রযুক্তির প্রভাব শুধু গবেষণায় সীমাবদ্ধ নয়, শিক্ষাক্ষেত্রেও এর গুরুত্ব অত্যন্ত বেশি। আধুনিক প্রযুক্তির সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচিত করাতে এই ধরনের উদ্যোগের প্রয়োজন রয়েছে।”অন্যদিকে, IIARI-এর নির্দেশক রাহুল চক্রবর্তী জানান, কর্মশালার মূল লক্ষ্য ছিল জিআইএস ও রিমোট সেন্সিং সম্পর্কে অংশগ্রহণকারীদের সুস্পষ্ট ধারণা দেওয়া। নতুন শিক্ষানীতির প্রেক্ষিতে ইন্টার্নশিপের মাধ্যমে ছাত্রছাত্রীদের শিল্পক্ষেত্রের জ্ঞান দিতে ক্লাউড কম্পিউটিং ও ড্রোন প্রযুক্তির ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়। উদ্যোক্তাদের দাবি, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে ছাত্রছাত্রীদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় আরও এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত