
কলকাতা, ২৫ মার্চ (হি.স.) : বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের লক্ষ্যে বুধবার সল্টলেকে চালু হলো ‘সেন্টার ফর অ্যাসিস্টেড লার্নিং’ (সিএএল)-এর নতুন কেন্দ্র। এদিন সল্টলেকের সেক্টর-১-এর বিডি-৪৬০ নম্বর ঠিকানায় এই কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
একটি চ্যারিটেবল ট্রাস্ট হিসেবে প্রতিষ্ঠিত এই সংস্থাটির মূল লক্ষ্য হলো অটিজম, ডিসলেক্সিয়া, রেট সিনড্রোম-সহ বিভিন্ন বিকাশজনিত সমস্যায় ভুগছে এমন ৭ থেকে ২০ বছর বয়সী শিশুদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা। এখানে গতানুগতিক শিক্ষার পাশাপাশি থেরাপি ও জীবনদক্ষতা বিকাশের ওপর বিশেষ জোর দেওয়া হবে বলে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমামি লিমিটেডের কো-ফাউন্ডার ও জয়েন্ট চেয়ারম্যান আর. এস. গোয়েঙ্কা এবং স্থানীয় পৌরমাতা রত্না ভৌমিক। তাঁদের হাত ধরেই কেন্দ্রটির যাত্রা শুরু হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব সূচিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমামি লিমিটেডের ভাইস চেয়ারপার্সন মোহন গোয়েঙ্কা, সিএএল-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক শালিনী সিনহা গুপ্ত, অ্যালাপ ট্রাস্টের প্রতিষ্ঠাতা নিনা ওয়াঘ, দীপরঞ্জিনী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অমৃতা পান্ডা, আইটিবিপি-র ডিআইজি মনীশ কুমার এবং অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ গীতা গুপ্ত।
সংস্থার প্রতিষ্ঠাতা শালিনী সিনহা গুপ্ত জানান, “প্রতিটি শিশু আলাদা। তাদের ব্যক্তিগত ক্ষমতা চিহ্নিত করে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়াই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, বৈজ্ঞানিক মূল্যায়ন ও সাইকোমেট্রিক পদ্ধতির মাধ্যমে অভিজ্ঞ পেশাদারদের সহায়তায় শিশুদের সামগ্রিক বিকাশে জোর দেওয়া হবে।
সংস্থার তরফে জানানো হয়েছে, এখানে পেশাগত প্রশিক্ষণ, দক্ষতাভিত্তিক শিক্ষা ও থেরাপিউটিক সহায়তার ব্যবস্থা থাকবে। প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকা এবং থেরাপিস্টদের একটি দল এই পরিষেবা পরিচালনা করবেন। পড়াশোনার পাশাপাশি জীবনদক্ষতা ও স্বনির্ভরতার ওপর জোর দিয়েই শিশুদের ভবিষ্যৎ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সিএএল। ইতিমধ্যেই ৭ থেকে ২০ বছর বয়সী শিশুদের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংস্থা সূত্রে খবর।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত