
নয়াদিল্লি, ২৫ মার্চ (হি. স.) : পশ্চিম এশিয়ায় চলমান সাম্প্রতিক উত্তেজনার আবহে দেশজুড়ে রান্নার গ্যাস সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে অনেকের মনে। এর মধ্যেই দিল্লিতে সিলিন্ডার কালোবাজারি চক্রের হদিস পেল পুলিশ। বুধবার সঙ্গম বিহার এলাকায় অভিযান চালিয়ে ১৮৩টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে ক্রাইম ব্রাঞ্চ। চারজনকে গ্রেফতার করা হয়েছে।
এদিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধভাবে সিলিন্ডার মজুত ও রিফিলিংয়ের খবর পেয়ে অভিযান চালানো হয়। সহকারী পুলিশ কমিশনার সতেন্দ্র মোহনের তত্ত্বাবধানে পুলিশ আধিকারিক মহিপাল সিংয়ের নেতৃত্বে তিনটি আলাদা জায়গায় হানা দিয়ে শের সিং, সুরজ
পরিহার, রঘু রাজ সিং এবং জিতেন্দ্র শর্মাকে হাতেনাতে ধরা হয়। উদ্ধার হওয়া সিলিন্ডারের মধ্যে ১৫৪টি ভর্তি এবং ২৯টি খালি। পাশাপাশি লোহার পাইপ, ইলেকট্রনিক ওজন মাপার যন্ত্র–সহ নানা সরঞ্জামও বাজেয়াপ্ত হয়েছে।
তদন্তে জানা গেছে, অভিযুক্তরা ইন্ডেন গ্যাস এজেন্সির নিবন্ধিত ডেলিভারি এজেন্ট। গ্রাহকদের কাছে সরবরাহ করার বদলে তারা সিলিন্ডার গুদামে মজুত রাখত এবং সেখান থেকে গ্যাস বের করে অন্য সিলিন্ডারে ভরে বেশি দামে বিক্রি করত। পুলিশ জানিয়েছে, এই ধরনের বেআইনি কাজ অত্যন্ত বিপজ্জনক এবং বড় দুর্ঘটনার কারণ হতে পারে। ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য