গুজরাটে ইউসিসি বিল পাস, আনন্দ প্রকাশ করলেন অমিত শাহ
নয়াদিল্লি, ২৫ মার্চ (হি. স.) : গুজরাট বিধানসভায় ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি ) বিল পাস হওয়ায় আনন্দ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, সকল নাগরিকের জন্য এক আইন প্রণয়ন করা বিজেপির প্রতিষ্ঠালগ্নের অঙ্গীকার। সামাজিক মাধ্য
গুজরাটে ইউসিসি বিল পাস, আনন্দ প্রকাশ করলেন অমিত শাহ


নয়াদিল্লি, ২৫ মার্চ (হি. স.) : গুজরাট বিধানসভায় ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি ) বিল পাস হওয়ায় আনন্দ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, সকল নাগরিকের জন্য এক আইন প্রণয়ন করা বিজেপির প্রতিষ্ঠালগ্নের অঙ্গীকার।

সামাজিক মাধ্যম এক্স-এ তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র নেতৃত্বে বিজেপি শাসিত রাজ্য সরকারগুলি এই লক্ষ্য পূরণের পথে এগিয়ে চলেছে।

উত্তরাখণ্ডের পর দ্বিতীয় রাজ্য হিসেবে গুজরাটে ইউসিসি বিল পাস হওয়ায় তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং বিলের পক্ষে সমর্থনকারী সমস্ত বিধায়কদের অভিনন্দন জানান। অমিত শাহ আরও বলেন, দেশ তুষ্টিকরণের ভিত্তিতে নয়, বরং সকলের জন্য সমান আইনের ভিত্তিতেই পরিচালিত হওয়া উচিত। এটাই বিজেপির অগ্রাধিকার ও অঙ্গীকার।

উল্লেখ্য, মঙ্গলবার গুজরাট বিধানসভায় ইউসিসি বিল নিয়ে প্রায় সাত ঘণ্টা ধরে আলোচনা হয়। আলোচনায় হালাল প্রথা, শাহ বানো মামলা, একত্রবাস সম্পর্ক ও বিবাহ নথিভুক্তিকরণ নিয়ে তীব্র বিতর্ক হয়। বিল অনুযায়ী, বিবাহের নিবন্ধন বাধ্যতামূলক করা , তালাকের ক্ষেত্রে সমান নিয়ম প্রযোজ্য এবং বহুবিবাহে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। পাশাপাশি একত্রবাস সম্পর্কের ক্ষেত্রেও তিন মাসের মধ্যে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। প্রস্তাবিত আইনের লক্ষ্য, ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের জন্য বিবাহ, তালাক, উত্তরাধিকার এবং একত্রবাস সম্পর্ক সংক্রান্ত নিয়ম এক করা। বিরোধীরা বিলের উদ্দেশ্য ও প্রভাব নিয়ে প্রশ্ন তুললেও, শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিলটি পাস হয়ে যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande