
নয়াদিল্লি, ২৫ মার্চ (হি. স.) : গুজরাটে মোবাইল নেটওয়ার্কের গুণমান যাচাইয়ে বেসরকারি সংস্থাগুলির এগিয়ে থাকার ছবি উঠে এল। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) -এর সাম্প্রতিক ড্রাইভ টেস্টে আহমেদাবাদ, গান্ধীনগর এবং ভাদোদরা-আহমেদাবাদ জাতীয় সড়কে রিলায়েন্স জিও ও এয়ারটেল-এর পারফরম্যান্স সেরা বলে উঠে এসেছে। অন্যদিকে বিএসএনএল একাধিক সূচকে পিছিয়ে পড়েছে।
ফেব্রুয়ারিতে হওয়া এই পরীক্ষায় দেখা গিয়েছে, আহমেদাবাদ ও গান্ধীনগরে জিও ও এয়ারটেলের কল সেটআপ সাফল্যের হার প্রায় ১০০ শতাংশ। সেখানে বিএসএনএলের হার নেমে এসেছে ৮১.৯১ শতাংশে। কল ড্রপের ক্ষেত্রেও বিএসএনএলই সবচেয়ে পিছিয়ে।
ডেটা পরিষেবার ক্ষেত্রেও এগিয়ে জিও। ৫জি নেটওয়ার্কে তাদের গড় ডাউনলোড স্পিড ২৫৮ এমবিপিএস, যেখানে এয়ারটেল ১২১ এমবিপিএস এবং ভোডাফোন-আইডিয়া ৫৫ এমবিপিএস গতি নথিভুক্ত করেছে। ৪ জি নেটওয়ার্কেও জিও ও এয়ারটেলের পারফরম্যান্স ভালো। ভাদোদরা-আহমেদাবাদ জাতীয় সড়কে ও একই চিত্র দেখা গিয়েছে। সেখানে বিএসএনএলের কল ড্রপ রেট ২২.৭৩ শতাংশ পর্যন্ত পৌঁছেছে এবং ডেটা গতিও তুলনামূলকভাবে দুর্বল। ট্রাই-এর এই রিপোর্টে স্পষ্ট, পরিষেবার গুণমানে বেসরকারি টেলিকম সংস্থাগুলির দাপট এখনও বজায় রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য