
মুম্বই, ২৫ মার্চ (হি.স.) : দক্ষিণের সুপারস্টার রাম চরণ তাঁর আসন্ন সিনেমা পেদ্দি-র শুটিংয়ের সময় আহত হওয়ায় তাঁর ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। তবে, বুধবার তাঁর টিম জানিয়েছে যে, অভিনেতা সম্পূর্ণ নিরাপদ। ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময়।
শোনা গিয়েছিল, রাম চরণের এক চোখের উপরে আঘাত লাগে। যার জন্য চারটি সেলাইয়ের প্রয়োজন হয়। টিমের একটি সূত্র স্পষ্ট করে জানিয়েছে যে, আঘাতটি চোখের ভেতরে নয়, বরং তার উপরে লেগেছে এবং অভিনেতার চোখ সম্পূর্ণ নিরাপদ। এই খবরে ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
আঘাত পাওয়া সত্ত্বেও, রাম চরণ শুটিং থেকে বিরতি নেননি এবং শীঘ্রই সেটে ফিরে আসেন। পেদ্দি একটি স্পোর্টস-ড্রামা সিনেমা, যা বৃদ্ধি সিনেমাস-এর ব্যানারে নির্মিত হচ্ছে।
সিনেমাটি পরিচালনা করেছেন বুচি বাবু সানা এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করবেন এ.আর. রহমান এবং আরও অভিনয় করেছেন শিব রাজকুমার, জগপতি বাবু ও দিব্যেন্দু গুরুত্বপূর্ণ চরিত্রে। সিনেমাটি চলতি বছরের ৩০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং রাম চরণের জন্মদিন ২৭ মার্চ-এ একটি টিজার মুক্তি পাওয়ার কথা আছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন