
নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): স্থিতিশীল আছেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। এই মুহূর্তে তিনি রয়েছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। বুধবার সকালে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে। মঙ্গলবার আচমকা অসুস্থ বোধ করায় সোনিয়াকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাঁর সঙ্গে গিয়েছিলেন, পুত্র রাহুল গান্ধী এবং কন্যা প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।
ঠিক কী কারণে বর্ষীয়ান নেত্রী অসুস্থ হয়ে পড়েছেন তা পরীক্ষানিরীক্ষা করে দেখছেন চিকিৎসকেরা। এর আগে, গত জানুয়ারি মাসে সর্দি-কাশির সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সোনিয়াকে। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয় বার দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হল তাঁকে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ