
নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): স্থিতিশীল আছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এই মুহূর্তে তিনি রয়েছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। বুধবার হাসপাতালের চেয়ারম্যান ডঃ অজয় স্বরূপ একটি বিবৃতি জারি করে জানিয়েছেন যে চিকিৎসকরা তাঁকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তাঁর পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা হচ্ছে, যার মধ্যে পেট এবং মূত্রনালীতে সম্ভাব্য সংক্রমণ-এর পরীক্ষাও অন্তর্ভুক্ত। চিকিৎসার অংশ হিসেবে তাঁকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। হাসপাতালের একটি বিশেষজ্ঞ দল তাঁকে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করছে।
উল্লেখ্য, মঙ্গলবার আচমকা অসুস্থ বোধ করায় সোনিয়াকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাঁর সঙ্গে গিয়েছিলেন, পুত্র রাহুল গান্ধী এবং কন্যা প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।
সোনিয়া গান্ধীর অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানতে পেরে উদ্বিগ্ন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। আমি নিশ্চিত যে, তিনি এই অসুস্থতা শীঘ্রই কাটিয়ে উঠবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ