
বুয়েনোস এইরেস, ২৮ মার্চ (হি.স.) : প্রীতি ম্যাচে ফিনালিস্সিমায় ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হওয়ার কথা ছিল কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। তবে ইরান যুদ্ধে নিরাপত্তা শঙ্কায় কাতার থেকে এই ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে নতুন ভেন্যু ঠিক করতে পারে নি উয়েফা ও কনমেবল। ফলে বাতিল হয়ে যায় ওই ম্যাচ। শেষমেশ তড়িঘড়ি করে প্রতিপক্ষ হিসেবে মৌরিতানিয়াকে বেছে নেয় আর্জেন্টিনা।
প্রথমবারের মতো আফ্রিকান দেশ মৌরিতানিয়ার মুখোমুখি হয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান বিশাল।লিওনেল মেসিদের দল যেখানে শীর্ষ সারিতে, সেখানে মৌরিতানিয়া পিছিয়ে আছে ১১২ ধাপ। আর কাগজে-কলমে এই একপেশে ম্যাচ হওয়ার কথা থাকলেও মাঠের লড়াইয়ে তা হয়নি।প্রত্যাশার তুলনায় বেশ ভালো খেলে মৌরিতানিয়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল আলবিসেলেস্তেরাদের।
বুয়েনস এইরেসে ভারতীয় সময় শনিবার ভোরে শুরু হওয়া ম্যাচে ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। এনসো ফের্নান্দেস বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান নিকো পাস। যোগ করা সময়ে ব্যবধান কমিয়েছেন জর্ডান লেফোর্ট।
এই ম্যাচের আগে মেসির ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর্জেন্টিনার কোচের কণ্ঠেও মেসিকে বিশ্বকাপে খেলানো নিয়ে আছে অনিশ্চয়তা। তাই মেসিকে শুরুর একাদশে এদিন রাখেন নি লিওনেল স্ক্যালোনি। তবে তারকাকে ছাড়া গোল করতে খুব বেশিক্ষণ সময় নেয়নি আর্জেন্টিনা। প্রথমার্ধেই ২ গোলের লিড পায় তারা। তবে মেসি মাঠে নেমে ছিলেন দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিটে। কিন্তু মেসি নামার পর আর্জেন্টিনা আর গোল পায়নি।
ম্যাচের পরিসংখ্যানও বলছে, পুরো ম্যাচে খুব বেশি স্বস্তিতে ছিল না আর্জেন্টিনা। তারা ৬৪ শতাংশ বল দখলে রাখলেও গোলের উদ্দেশে শট নেয় ৭টি, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে মৌরিতানিয়া নেয় ১১টি শট, যার ৪টিই ছিল অন টার্গেট। বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ প্রস্তুতি ম্যাচ আগামী ১ এপ্রিল ভোরে, আর্জেন্টিনা মুখোমুখি হবে জাম্বিয়ার।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি