
কলকাতা, ২৮ মার্চ (হি.স.): জয় পেল বাংলার ছেলেরা। ছত্তিশগড়ের বিরুদ্ধে প্রথম ম্যাচটি ড্র হলেও, শনিবার দ্বিতীয় ম্যাচে মধ্যপ্রদেশকে ৩-০ গোলে হারিয়ে দিল বাংলা।
ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের রবিশঙ্কর স্টেডিয়ামে আয়োজিত 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'-এর মূল পর্বের এই ম্যাচে প্রথমার্ধেই বিজয় মুর্মুর গোলে এগিয়ে যায় বাংলা। এরপর দ্বিতীয়ার্ধে সৌরভ সব্বার ও রাহুল মুর্মু গোল করে ব্যবধান আরও বাড়ান। আজকের এই জয়ের সুবাদে দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ তালিকায় শীর্ষস্থানে রয়েছে বাংলা দল। আগামী সোমবার গ্রুপ লিগের শেষ ম্যাচে তামিলনাড়ুর মুখোমুখি হবে তারা।
উল্লেখ্য, আদিবাসী ও উপজাতি সম্প্রদায়ের ক্রীড়াবিদদের নিয়ে এই প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'-এর আয়োজন করা হয়েছে। এবারের প্রতিযোগিতায় ৩০টি রাজ্যের প্রায় ৩৮০০ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। গত বুধবার থেকে শুরু হওয়া এই ক্রীড়া প্রতিযোগিতা মোট ১০ দিন ধরে চলবে এবং আগামী শুক্রবার এর সমাপ্তি ঘটবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত