
পূর্ব মেদিনীপুর, ২৯ মার্চ (হি.স.): শুটিং চলাকালীন মৃত্যু হল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রবিবার বিকালে দিঘার অদূরে তালসারিতে এই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, বোটে চেপে শুটিংয়ের সময়ে জলে তলিয়ে যান ওই অভিনেতা। কিছুক্ষণ বাদে তাঁকে খুঁজে পান স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাঁকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুই দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন। ছোটপর্দা থেকে বড়পর্দায়, ওয়েব দুনিয়ায় ছিল তাঁর অবাধ যাতায়াত। রাহুল 'চিরদিনই তুমি যে আমার' ছবির হাত ধরে খ্যাতি পান। সেই ছবির নায়িকা প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে পরবর্তীতে গাঁটছড়া বাঁধেন। যদিও মাঝে তাঁদের বিচ্ছেদের খবর রটে। কিন্তু ছেলে সহজের কথা ভেবে ফের একসঙ্গে থাকা শুরু করেন রাহুল, প্রিয়াঙ্কা। রাহুল অভিনয় ছাড়া সহজ-কথা নামক একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন। সেটিও তুমুল জনপ্রিয় হয়েছিল। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের খবরে স্তম্ভিত টলিউড।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ