
মুম্বই, ২৯ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের বুলধানা জেলায় ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোরের, গুরুতর আহত হয়েছেন আরও ২৩ জন। রবিবার মেহকর তহসিলের নন্দা ফাটা এলাকায় একটি পিকআপ ভ্যান উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লাতুর জেলার আহমেদনগরের বেশ কিছু বাসিন্দা শৈলানি বাবার দর্শনে বুলধানায় পিকআপ ভ্যানে করে যাচ্ছিলেন। মেহকরের নন্দা ফাটা এলাকায় পৌঁছতেই চালকের ঘুম পেয়ে যায় বলে অভিযোগ। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়।
এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই কিশোরের। মৃতদের নাম আরমান শরিফ বাগওয়ান (১৬) ও রিহান সাইদু বাগওয়ান (১৭)। দুর্ঘটনায় আহত ২৩ জনকে দ্রুত উদ্ধার করে মেহকর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধারকাজ শুরু করে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য