
আগরতলা, ২৯ মার্চ (হি.স.) : রবিবার ত্রিপুরার বিভিন্ন এলাকার পাশাপাশি বড়জলা বিধানসভা কেন্দ্রের ২২ নম্বর বুথে প্রধানমন্ত্রী-র রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ শোনার আয়োজন করা হয়। বড়জলা এলাকার এক কৃষকের বাসভবনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এদিনের সম্প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার একটি উল্লেখযোগ্য উদ্যোগের কথা তুলে ধরেছেন, যা রাজ্যের জন্য গর্বের বিষয়। তিনি জানান, উত্তর ত্রিপুরার ভাংমুন এলাকায় বসবাসকারী মানুষজন বৃষ্টির জল সংরক্ষণ করে দীর্ঘদিনের পানীয় জলের সংকট অনেকটাই কাটিয়ে উঠেছেন। মুখ্যমন্ত্রী বলেন, এ ধরনের স্বীকৃতি রাজ্যের উন্নয়নমূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে উৎসাহ জোগাবে।
মুখ্যমন্ত্রীর মতে, এই উদ্যোগ শুধু একটি এলাকার সমস্যা সমাধানই নয়, বরং দৃষ্টান্ত হিসেবেও গুরুত্বপূর্ণ। ভাংমুনের মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে জল সংরক্ষণে এগিয়ে এসেছেন, তা অন্য এলাকাগুলির জন্যও পথপ্রদর্শক হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া, এদিনের অনুষ্ঠানে ত্রিপুরার নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রেও সাফল্যের কথা উঠে আসে। এর আওতায় পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলে সোলার বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রচেষ্টার কথাও উল্লেখ করা হয়। বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে সোলার মিনি-গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি প্রশংসিত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ