
বাঁকুড়া, ২৯ মার্চ (হি.স.): নির্বাচনের আগে বাঁকুড়ায় রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন। তৃণমূল কংগ্রেস ও সিপিএম ছেড়ে শতাধিক পরিবার বিজেপিতে যোগ দিল বলে দাবি গেরুয়া শিবিরের। ঘটনাকে ঘিরে রাইপুর ও হিড়বাঁধ এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মশানঝাঁড় বুথ এলাকায় রানিবাঁধের বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডুর হাত ধরে তৃণমূল ও সিপিএমের একাংশ কর্মী-সমর্থক বিজেপির পতাকা তুলে নেন।
দলবদলকারীদের মধ্যে রয়েছেন তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি গণপতি হেমব্রম এবং সিপিএম নেতা সোমনাথ কর্মকার। বিজেপির দাবি, প্রায় ১০০টিরও বেশি পরিবার এই যোগদান কর্মসূচিতে সামিল হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিড়বাঁধ মণ্ডল বিজেপির সভাপতি অতনু হালদার, জেলা সম্পাদক শান্তনু সিংহ, এসটি মোর্চার মহিলা কনভেনার শুকুন্তলা মাণ্ডি-সহ অন্যান্য নেতৃত্ব।
বিজেপিতে যোগ দেওয়া কর্মী-সমর্থকদের অভিযোগ, তৃণমূলের দুর্নীতি ও মিথ্যা প্রতিশ্রুতিতে অতিষ্ঠ হয়েই তাঁরা দল ছেড়েছেন। গণপতি হেমব্রমের দাবি, “এলাকার মানুষ পরিবর্তন চাইছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে বিজেপিকে জেতানোই আমাদের লক্ষ্য।”
নির্বাচনের আগে এই দলবদলকে কেন্দ্র করে বাঁকুড়ার রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হতে চলেছে, তা বলাই বাহুল্য।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট