
ঝাড়গ্রাম, ২৯ মার্চ (হি.স.): ভোটের মুখে জঙ্গলমহলে জোরদার প্রচারে নেমেছেন শাসক ও বিরোধী দুই শিবিরের প্রার্থীরাই। জনসংযোগ বাড়াতে গ্রামে গ্রামে ঘুরে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের ওপরেই জোর দিচ্ছেন তাঁরা।
গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অজিত মাহাত রবিবার ঝাড়গ্রাম ব্লকের একটি বর্ণাঢ্য বাইক র্যালি করেন। মোনাপাড়া ফুটবল মাঠ থেকে শুরু হওয়া এই র্যালিতে কয়েকশো বাইক নিয়ে অংশ নেন দলের কর্মী-সমর্থকেরা। প্রচারের ফাঁকে গ্রামের খুদে পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাঁদের পড়াশোনার খোঁজখবর নেন প্রার্থী। পরে শালবনী ও সাঁকরাইল এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন এবং সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। অজিত মাহাত বলেন, “দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করছি, আগামী দিনেও সেই কাজ চালিয়ে যাব।”
অন্যদিকে বিনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিকিৎসক প্রণত টুডু সকাল থেকেই বিভিন্ন গ্রামে চা চক্র ও বাড়ি বাড়ি প্রচারের মাধ্যমে জনসংযোগে জোর দেন। জামবনি ব্লকের মুড়াকাটি থেকে শুরু করে পূর্ব বালিবাঁধা, বারুনশোল, আস্তি ও নুনিয়াচাত্রী গ্রাম ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন তিনি। ঝাড়খণ্ড সীমান্তবর্তী বাঘাখন্দর গ্রামে এক স্থানীয় বাসিন্দার বাড়িতে মধ্যাহ্নভোজনও করেন। প্রণত টুডু বলেন, “গ্রামের মানুষের সমস্যার কথা সরাসরি জানার চেষ্টা করছি। সুযোগ পেলে সেগুলি সমাধান করার চেষ্টা করব।”
এদিকে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মঙ্গল সোরেনও অভিনবভাবে প্রচারে নামেন। রবিবার সকালে বিনপুরের শিব ও কালী মন্দিরে পুজো দেওয়ার পর ঢাক বাজিয়ে মিছিল করে নয়াগ্রাম এলাকায় পৌঁছন তিনি। বাসন্তী মণ্ডপে প্রতিমা দর্শনের পাশাপাশি বাড়ি বাড়ি জনসংযোগ করেন। প্রচারের মাঝেই একটি দোকান থেকে ছেলের জন্য ব্যাগ কেনেন তিনি। মঙ্গল সোরেন বলেন, “পরীক্ষায় পাশ করলে নতুন ব্যাগের দাবি করেছিল ছেলে, তাই আজই কিনে নিলাম।”
সব মিলিয়ে জঙ্গলমহলে ভোটের আগে চলছে জোরদার রাজনৈতিক প্রচার, যেখানে মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনই হয়ে উঠেছে প্রার্থীদের প্রধান লক্ষ্য।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো