
আগরতলা, ২৯ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-র পরিচালন ব্যবস্থা কংগ্রেসের হাতে তুলে দেওয়ার দাবি জানাল প্রদেশ কংগ্রেস। বঞ্চনা দূর করে জনজাতিদের গণতান্ত্রিক উপায়ে জাতীয় মূলস্রোতের সঙ্গে যুক্ত করতে টিটিএএডিসিতে কংগ্রেসের নেতৃত্ব অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।
রবিবার আগরতলায় কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি টিটিএএডিসি নির্বাচন এবং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন ‘ব্যর্থতা’ তুলে ধরেন। তাঁর অভিযোগ, দেশের শাসনব্যবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একাধিক ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থতা দেখা দিয়েছে। বিশেষ করে পশ্চিম এশিয়ায় চলমান পরিস্থিতি নিয়ে ভারতের ভূমিকা কী হওয়া উচিত ছিল এবং বর্তমানে সেই অবস্থান কতটা সঠিক পথে এগুচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
প্রবীর চক্রবর্তী বলেন, “বর্তমান পরিস্থিতিতে দেশ ও দেশবাসীকে এক ভয়াবহ সংকটের মুখে দাঁড় করানো হচ্ছে। প্রতিদিন নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ।”
টিটিএএডিসি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বর্তমান পরিচালনাকারীরা কাউন্সিলকে ‘লুটের খনি’তে পরিণত করেছে। তাঁর দাবি, তাঁদের হাতে আদিবাসীদের জীবন ও ভবিষ্যৎ নিরাপদ নয়। জনজাতিদের স্বার্থ সুরক্ষিত রাখতে হলে গণতান্ত্রিক পদ্ধতিতে তাঁদের জাতীয় ভাবধারার সঙ্গে যুক্ত করতে হবে এবং সেই লক্ষ্যে টিটিএএডিসি-র দায়িত্ব কংগ্রেসের হাতে দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, কংগ্রেসের নেতৃত্বে টিটিএএডিসি-র উন্নয়ন নতুন গতি পাবে এবং এর মাধ্যমে রাজ্যে ও কেন্দ্রে সরকার পরিবর্তনের প্রক্রিয়াও ত্বরান্বিত হতে পারে। এই লক্ষ্যে রাজ্যের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও অভিযোগ তুলে কংগ্রেস মুখপাত্র বলেন, গত ১২ বছরের শাসনকালে তথাকথিত ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যগুলিতে নারীদের উপর নির্যাতনের ঘটনা বেড়েছে। পাশাপাশি সরকারি সম্পদ ও অর্থ লুটের হারও বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন তিনি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ