
আগরতলা, ২৯ মার্চ (হি.স.) : ত্রিপুরা পিপলস পার্টি (টিপিপি)-এর কেন্দ্রীয় সম্মেলন রবিবার আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলের নেতা, কর্মী ও সমর্থকরা সম্মেলনে যোগ দেন।
সম্মেলনকে কেন্দ্র করে এদিন সকালে রাজধানী আগরতলায় মিছিলের আয়োজন করে ত্রিপুরা পিপলস পার্টি। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে শেষ পর্যন্ত আগরতলা প্রেসক্লাবে এসে মিলিত হয়। মিছিলে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকরা বিভিন্ন দাবিদাওয়া ও সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
সম্মেলনে দলের শীর্ষ নেতৃত্ব বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তীব্র সমালোচনা করেন। নেতৃবৃন্দ অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার দেশের দীর্ঘদিনের জোট নিরপেক্ষ নীতি থেকে সরে এসে আন্তর্জাতিক ক্ষেত্রে একপাক্ষিক অবস্থান গ্রহণ করছে। তাঁরা দাবি করেন, ইরানের মতো মিত্র দেশকে এড়িয়ে মার্কিন প্রভাবিত নীতির দিকে ঝুঁকছে বর্তমান সরকার, যা দেশের স্বার্থের পরিপন্থী।
এছাড়াও, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার অভিযোগ তুলে বিজেপি সরকারের সমালোচনা করেন বক্তারা। তাঁদের দাবি, সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে সরকার ক্ষমতায় এসেছে এবং এখন সেই প্রতিশ্রুতিগুলি রক্ষা করছে না।
রাজ্যের ভূমি সংক্রান্ত বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন ত্রিপুরা পিপলস পার্টির নেতারা। তাদের অভিযোগ, পাম চাষের নামে রাজ্যের বিস্তীর্ণ জমি শিল্পপতি গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হচ্ছে। এর ফলে বিশেষ করে জনজাতি সম্প্রদায়ের মানুষদের ভূমি থেকে বঞ্চিত করার এক গভীর চক্রান্ত চলছে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।
এই পরিস্থিতির প্রতিবাদে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার ডাক দেন দলীয় নেতৃত্ব। তাঁরা জানান, আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচন এবং ধর্মনগর বিধানসভার উপনির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা পিপলস পার্টি, গণমঞ্চ এবং জাতীয় কংগ্রেস একটি বৃহত্তর জোট গঠন করেছে। এই জোট আগামী দিনে রাজ্যের বিভিন্ন ইস্যুতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
সম্মেলনের শেষে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আগামী নির্বাচনে জোট প্রার্থীদের জয় নিশ্চিত করার লক্ষ্যে কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ