
কলকাতা, ৩ মার্চ (হি. স.): দোল ও হোলিকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা নিয়েছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ও বুধবার উৎসবের দু’দিন শহরজুড়ে প্রায় চার হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবেন। রাস্তায় দায়িত্বে থাকবেন যুগ্ম পুলিশ কমিশনার ও ডিসি পদমর্যাদার আধিকারিকরাও।শহরের বিভিন্ন এলাকায় মোট ৪০০টি পুলিশ পিকেট বসানো হচ্ছে। এর মধ্যে ৮৬টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ পিকেটে ছয়জন করে পুলিশকর্মী থাকবেন। এছাড়া ৩১২টি জায়গায় তিনজন করে পুলিশ মোতায়েন করা হবে। রাস্তায় টহল দেবে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ৬২টি পিসিআর ভ্যান এবং কুইক রেসপন্স টিম। প্রতিটি থানার আওতাধীন অলিগলিতে বাইক টহলের ব্যবস্থাও রাখা হয়েছে।মদ্যপ অবস্থায় কেউ যাতে গঙ্গা বা অন্য জলাশয়ে স্নান করতে না নামেন, সে বিষয়ে বিশেষ নজরদারি চলছে। শহরের ৬৬টি গঙ্গা ও বিভিন্ন ঘাটে পুলিশ মোতায়েন থাকবে। এর মধ্যে অন্তত ২৪টি ঘাটে দায়িত্বে থাকবেন ডিএমজি কর্মীরা। পাশাপাশি, চলন্ত গাড়ি থেকে জোর করে রং ছোড়া, রাস্তায় অশোভন আচরণ বা পশুদের গায়ে রং লাগানোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। সম্প্রীতি বজায় রাখতেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়