অনূর্ধ্ব - ২০, আত্মবিশ্বাসী ভারতীয় খেলোয়াড়রা ভূটানের বিরুদ্ধে জয় তুলতে বদ্ধপরিকর
কলকাতা, ৩১ মার্চ হি. স.) : মালে''তে সেমিফাইনালের আগে আত্মবিশ্বাসে টগবগ করছে ভারত অনূর্ধ্ব-২০ দল। প্রতিপক্ষ ভুটান - কাজেই হালকা ভাবার সুযোগ নেই, বরং সতর্কই রয়েছেন কোচ ও ফুটবলাররা। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ-এর সেমিফাইনালে বুধবার মালদ্বীপের মালে
অনূর্ধ্ব - ২০, আত্মবিশ্বাসী ভারতীয় খেলোয়াড়রা ভূটানের বিরুদ্ধে জয় তুলতে বদ্ধপরিকর


কলকাতা, ৩১ মার্চ হি. স.) : মালে'তে সেমিফাইনালের আগে আত্মবিশ্বাসে টগবগ করছে ভারত অনূর্ধ্ব-২০ দল। প্রতিপক্ষ ভুটান - কাজেই হালকা ভাবার সুযোগ নেই, বরং সতর্কই রয়েছেন কোচ ও ফুটবলাররা। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ-এর সেমিফাইনালে বুধবার মালদ্বীপের মালে' তে খেলতে নামছে দুই দল।

গ্রুপ পর্বে দারুণ ছন্দে ছিল ভারত। পাকিস্তান-কে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশ-এর সঙ্গে ১-১ ড্র—এই ফলেই গ্রুপ শীর্ষে উঠে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ব্লু কোল্টসরা। তবে কোচ মহেশ গাওলির মতে, আসল পরীক্ষা এখনই। “ছেলেরা চাপ সামলাতে শিখেছে, কিন্তু গোলের সুযোগ নষ্ট করা চলবে না। ডিফেন্সেও আরও মনোযোগ দরকার,” স্পষ্ট বার্তা তাঁর।

অন্যদিকে ভুটানও কম লড়াকু নয়। শুরুতে নেপাল-এর কাছে হারলেও পরে ঘুরে দাঁড়ায় তারা। মালদ্বীপের সঙ্গে ড্র করার পর শেষ ম্যাচে ইনজুরি টাইমে গোল করে জয়—এই নাটকীয় প্রত্যাবর্তনই তাদের সেমিফাইনালে তুলেছে। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতা ভুটানের বড় শক্তি।

ভারতের আক্রমণে ভরসা বিষাল যাদব ও ওমাং ডোডুম—দু’জনেরই দু’টি করে গোল। ভুটানের হয়ে ধেনদুপ গেলতশেন সমানভাবে বিপজ্জনক। ফলে ম্যাচের ফল অনেকটাই নির্ভর করবে এই স্ট্রাইকারদের পারফরম্যান্সে।

নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে ফল না এলে সরাসরি টাইব্রেকার। তাই মানসিক দৃঢ়তা ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়াই হতে পারে জয়ের চাবিকাঠি। ফাইনালের টিকিট পেতে ভারতকে তাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে মনোযোগী, শৃঙ্খলাবদ্ধ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande