
স্টুটগার্ট, ৩১ মার্চ (হি.স.):বিশ্বকাপের আগে জিতেই চলেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। সোমবার রাতে ঘানার বিপক্ষে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে জয় পেল জার্মানি।
স্টুটগার্টে সোমবার রাতে প্রীতি ম্যাচটি ২-১ গোলে জিতেছে জার্মানি। বিশ্বকাপের প্রস্ততিপর্বের ম্যাচে কাই হাভার্টজের গোলে তারা এগিয়ে যাওয়ার পর, সমতা টানেন আব্দুল ফাতাযু। শেষ দিকে ডেনিজ উন্দাভের গোলে জয় নিশ্চিত করে নাগেলসমানের দল।
তিন দিন আগে স্বাগতিক সুইজারল্যান্ডের বিপক্ষে ৪-৩ ব্যবধানে জার্মানির জয়ের নায়ক ছিলেন ফ্লোহিয়ান ভিয়েৎস। সেদিন জোড়া গোল করা লিভারপুল তারকা ঘানার জালে শুরুতেই বল পাঠাতে পারতেন,কিন্তু তার শট পোস্টে বাধা পায়।
টানা সপ্তম জয়ের আনন্দে মাঠ ছাড়ে জার্মানি, আর টানা চতুর্থ পরাজয় বরন করে ঘানা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি