
গুয়াহাটি, ৩১ মাৰ্চ (হি.স.) : গত এক দশকে অসমের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৫-১৬ সালে রাজ্যের জিএসডিপি ছিল ২.২৪ লক্ষ কোটি টাকা, বর্তমানে তা ৭.৪১ লক্ষ কোটিতে পৌঁছেছে। মাথাপিছু আয়ও বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য। গুয়াহাটিতে বলেছেন সর্বভারতীয় নেত্রী তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
আজ মঙ্গলবার সকালে গুয়াহাটিতে দলের অসম প্রদেশ সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে ৮০ পৃষ্ঠার ৩১টি অঙ্গীকার সংবলিত বিজেপির নিৰ্বাচনী ইস্তাহার ‘সংকল্পপত্র’ প্রকাশ করে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রদত্ত বক্তব্যে তিনি জানান, ২০১৪ সালের পর থেকে কেন্দ্রীয় সাহায্য ও অনুদানের পরিমাণ বেড়েছে। রাজ্যের অবকাঠামো, স্বাস্থ্য ও কল্যাণমূলক খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, বিগত ১০ বছরে অসমে ব্যাপক পরিবৰ্তন আনতে সক্ষম হয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। এর ফরে কেবল অসম নয়, সমগ্ৰ উত্তর-পূৰ্বাঞ্চলের অর্থনৈতিক বিকাশ সম্ভব হয়েছে।
নানা তথ্য দিয়ে নির্মলা বলেন, অসমে নয়টি নতুন সেতু নির্মাণ, ১০০ শতাংশ রেল বিদ্যুতায়ন, নতুন বিমানবন্দর চালু এবং স্বাস্থ্যসেবায় মোটা অঙ্কের বিনিয়োগ হয়েছে। তিনি বলেন, ‘অসম দ্ৰুত উন্নয়নশীল রাজ্য হিসেবে চিহ্নিত হয়েছে। সেমিকন্ডাক্টর প্ৰকল্প নিৰ্মাণ অসমের জন্য এক শক্তিশালী পদক্ষেপ। নামরূপ সার কারখানা অসমবাসীর কাছে আশার বার্তা নিয়ে এসেছে। তিনি উন্নয়ন এবং বেকার সমস্যা সমাধানের জন্য বিজেপি সরকারের কাজকর্মের বৰ্ণনা দিয়েছেন।
কেন্দ্রীয় নেত্রী বলেন, ব্ৰহ্মপুত্ৰের বুকে সূচনা হয়েছে ঔদ্যোগিক বিপ্লব। চা বাগানের মানুষজনের জন্য সরকার বহু প্রকল্প হাতে নিয়েছে। প্ৰধানমন্ত্ৰী আবাস যোজনার সুবিধাও প্রদান করা হচ্ছেছে চা শ্রমিকদের। এছাড়া বিজেপি সরকার চড়াইদেও মৈদামকে দিয়েছে বিশ্ব স্বীকৃতি। তিনি বলেন, প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী এখন পর্যন্ত ৭৭ বার অসম সহ উত্তর-পূৰ্বাঞ্চল সফর করেছেন। আজ বিজেপির যে 'সংকল্পপত্ৰ' প্রকাশ হয়েছে, তাতে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী এবং মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মার অসমের বিকাশ ও সুরক্ষিত ভবিষ্যতকে নিয়ে বিভিন্ন পরিকল্পনা রয়েছে।
কংগ্ৰেসের তীব্ৰ সমালোচনা করেছেন বিজেপি নেত্রী তথা কেন্দ্ৰীয় অর্থমন্ত্ৰী নিৰ্মলা সীতারমণ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস