
কলকাতা, ৪ মার্চ (হি.স.) : টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচ হবে। এই হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ক্রমশ চড়তে শুরু করে।
টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পথে আছে ভারতীয় ক্রিকেট দল। শিরোপা পেতে ভারতকে জিততে হবে আর মাত্র ২ ম্যাচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারত ও ইংল্যান্ড মোট ৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৩ বার জিতেছে ভারত এবং ২ বার জিতেছে ইংল্যান্ড। এই পাঁচ ম্যাচের মধ্যে ২ বার তারা সেমিফাইনালে লড়েছে। ২০২২ সালের সেমিফাইনালে ইংল্যান্ড ভারতকে ১০ উইকেটে পরাজিত করেছিল। কিন্তু, দুই বছর পর অর্থাৎ ২০২৪-এর সেমিফাইনালে ভারত ৬৮ রানে জিতে সেই হারের মধুর প্রতিশোধ নেয়।
টি-টোয়েন্টিতে হেড-টু-হেড রেকর্ড:
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সামগ্রিক পরিসংখ্যানেও ভারত অনেকটাই এগিয়ে রয়েছে। এই দুই শক্তিশালী ক্রিকেট দল মোট ২৯ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এরমধ্যে ১৭ বার জিতেছে ভারত এবং ১২ বার জিতেছে ইংল্যান্ড।
তবে ভারতের কাছে একটা স্বস্তির খবর ২০২৪ সালের শুরু থেকে এখনও পর্যন্ত আয়োজিত মোট ৬ ম্যাচের মধ্যে ইংল্যান্ড মাত্র একটিতেই জয়লাভ করেছে।
চলতি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ডের পারফরম্যান্স প্রায় একই। দুটো দলই এখনও পর্যন্ত সাতটি করে ম্যাচ খেলেছে। আর দুটি দলই মাত্র একটি করে ম্যাচ হেরেছে। ভারত গ্রুপ পর্বে শীর্ষস্থান দখল করেছিল, অন্যদিকে ইংল্যান্ড সুপার-৮ পর্বে নিজেদের গ্রুপে শীর্ষে ছিল। তবে বর্তমানে দুই দলকেই সমান-সমান মনে হলেও, অতীত পরিসংখ্যান কিন্তু ভারতকেই এগিয়ে রেখেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি