
কলকাতা, ৪ মার্চ, (হি.স.): আগামী ৯ মার্চ থেকে কলকাতায় সাংবাদিক এবং বিভিন্ন গোষ্ঠীর শীর্ষ স্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সদস্যরা। এসআইআর বিতর্কে দীর্ণ জনগোষ্ঠীর প্রতিটি প্রশ্নের উত্তর যাতে দেওয়া যায়, সেই প্রস্তুতি নিয়ে আসছেন তাঁরা।
সূত্রের খবর, এ কারণে দিল্লি থেকে আগাম সম্ভাব্য জটিল প্রশ্নাবলী পাঠানোর অনুরোধ করা হয়েছে কলকাতার সিইও দফতরে। সেই অনুযায়ী সেরকম বেশ কিছু প্রশ্ন বুধবার পাঠিয়েও দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসার কয়েকদিনের মধ্যেই হয়তো ভোটের নির্ঘণ্ট প্রকাশ পেতে পারে।
সাধারণত নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ভোট প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখে যাওয়ার কয়েকদিনের মধ্যেই ভোটের দিনক্ষণ প্রকাশ করা হয়। তাই ধরে নেওয়া হচ্ছে যে এবারও হয়তো তার অন্যথা হবে না। তাই ৮ মার্চ রাজ্যে আসা, ৯ ও ১০ মার্চ ঠাসা কর্মসূচির পর নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ফিরে যাওয়ার কয়েকদিনের মধ্যেই ভোট ঘোষণা হয়ে যাবে, খবর কমিশন সূত্রে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত