
পাটনা, ৫ মার্চ (হি.স.): বিহারের রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজনৈতিক তৎপরতা তুঙ্গে পৌঁছাল। এদিন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারসহ জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) প্রার্থীরা বিধানসভায় গিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। নীতীশ কুমারের পাশাপাশি এদিন মনোনয়ন জমা দিয়েছেন বিজেপির নিতিন নবীন ও রামনাথ ঠাকুর, রাষ্ট্রীয় লোক মোর্চার (রালোমো) প্রধান উপেন্দ্র কুশওয়াহা এবং শিবেশ কুমার। বিহার বিধানসভা চত্বরে অবস্থিত বিধানসভা কার্যালয়ের প্রকোষ্ঠে সচিবের উপস্থিতিতে এই মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়। মনোনয়ন পেশের সময় এনডিএ-র সংহতি প্রদর্শনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও বিহারের দুই উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহা এবং জেডিইউ-এর শীর্ষ নেতৃত্ব উপস্থিত থেকে প্রার্থীদের অভিনন্দন জানান।
জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নীতীশ কুমারের দীর্ঘ সংসদীয় ও প্রশাসনিক অভিজ্ঞতাকে জাতীয় স্তরে আরও বড় পরিসরে কাজে লাগাতেই তাঁকে রাজ্যসভার প্রার্থী করা হয়েছে। দলীয় নেতৃত্বের মতে, সংসদে নীতীশ কুমারের উপস্থিতি বিহারের স্বার্থ রক্ষায় বিশেষ ভূমিকা নেবে। মনোনয়ন পেশের পর থেকেই বিহারের রাজনৈতিক মহলে নতুন করে রণকৌশল সাজানোর হিড়িক পড়েছে। এনডিএ শিবির জয়ের ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হলেও, রাজ্যসভার এই লড়াই আগামী বিধানসভা নির্বাচনের আগে এক গুরুত্বপূর্ণ শক্তি পরীক্ষা হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
হিন্দুস্থান সমাচার / সোনালি