
মুম্বই , ৬ মার্চ (হি.স.) : আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এ উপস্থাপিকা হিসেবে দেখা যাবে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। আয়োজকদের প্রকাশিত উপস্থাপকদের তালিকায় তাঁর নাম রয়েছে। এ বছর তিনি হলিউড অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র ও অ্যান হ্যাথাওয়ের সঙ্গে একই মঞ্চে পুরস্কার প্রদান করবেন।
এর আগে ২০১৬ সালের অস্কার অনুষ্ঠানে উপস্থাপিকা হিসেবে অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা। প্রায় এক দশক পরে আবারও অস্কারের মঞ্চে সেই ভূমিকায় ফিরছেন তিনি। সম্প্রতি ২০২৬ সালের গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানেও উপস্থাপিকা হিসেবে উপস্থিত ছিলেন এই গ্লোবাল তারকা।
এবারের ৯৮-তম একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। আমেরিকায় অনুষ্ঠানটি ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। ভারতে ১৬ মার্চ সকাল ৫টা ৩০ মিনিট থেকে অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার দেখা যাবে জিও হটস্টার ও স্টার নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য